জন্মদিনে জহির রায়হান চলচ্চিত্র উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় সংগীতের সঙ্গে জাতীয় পতাকা ও সংগঠনের পতাকা উড়িয়ে শুরু হয় জহির রায়হান চলচ্চিত্র উৎসব।
জাতীয় সংগীতের সঙ্গে জাতীয় পতাকা ও সংগঠনের পতাকা উড়িয়ে শুরু হয় জহির রায়হান চলচ্চিত্র উৎসব।

বরেণ্য চলচ্চিত্র নির্মাতা জহির রায়হানকে নিয়ে আয়োজিত চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, তিনি যে দেশপ্রেমের আদর্শে উদ্বুদ্ধ হয়ে চলচ্চিত্র নির্মাণ করেছেন, সেই আদর্শকে বুকে ধারণ করেই ভবিষ্যতে বাংলাদেশের চলচ্চিত্র আন্দোলনকে আরও বেগবান করতে হবে। মুক্তিযুদ্ধের চেতনায় সমৃদ্ধ অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে হলে চলচ্চিত্র আন্দোলনকে নতুন করে গুছিয়ে তোলা উচিত বলেও মন্তব্য করেন বক্তারা।
একই সঙ্গে সাধারণ মানুষের ন্যায়সংগত অধিকার আদায়ের সংগ্রাম, সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধ এবং প্রাণ-প্রকৃতি রক্ষার আন্দোলনে চলচ্চিত্র মাধ্যমকে আরও বেশি বেশি করে কাজে লাগানোর তাগিদও দেন আলোচকেরা।

প্রদীপ জ্বলছে জহির রায়হানের প্রতিকৃতির সামনে
প্রদীপ জ্বলছে জহির রায়হানের প্রতিকৃতির সামনে

‘প্রতিরোধে প্রস্তুত ক্যামেরা’ প্রতিপাদ্যে উদীচীর ঢাকা মহানগর সংসদ আজ শুক্রবার দিনব্যাপী সুফিয়া কামাল কেন্দ্রীয় গণগ্রন্থাগারের শওকত ওসমান স্মৃতি মিলনায়তনে আয়োজন করে ‘জহির রায়হান চলচ্চিত্র উৎসব’। তাঁর ৮১তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত এ উৎসবের উদ্বোধন করেন চলচ্চিত্র নির্মাতা মানজারে হাসিন মুরাদ।
শুক্রবার জহির রায়হান পরিচালিত ‘জীবন থেকে নেয়া’ চলচ্চিত্রের চারটি গান পরিবেশন করেন উদীচীর মিরপুর শাখার শিল্পীরা। তাঁদের কণ্ঠে গীত হয় ‘ও আমার স্বপ্ন ঝরা আকুল করা জন্মভূমি’, ‘দাও দাও দুনিয়ার যত গরিবকে আজ জাগিয়ে দাও’, ‘কারার ঔ লৌহ–কবাট ভেঙে ফেল কর রে লোপাট’ এবং ‘এ খাঁচা ভাঙব আমি কেমন করে’। এরপর উদীচীর ঢাকা মহানগর সংসদের শিল্পীরা পরিবেশন করেন ‘আনন্দলোকে, মঙ্গলালোকে বিরাজ সুন্দর’ ও ‘কোন আলোতে প্রাণের প্রদীপ জ্বালিয়ে তুমি ধরায় আসো’ গান দুটি। এরপর ‘যখন তোমার ভাঙবে ঘুম সেটাই তোমার সকাল’ গানের সঙ্গে দলীয় নৃত্য পরিবেশন করেন উদীচীর নৃত্যশিল্পীরা।

আলোচনা সভায় বক্তব্য রাখেন উদীচী সভাপতি কামাল
আলোচনা সভায় বক্তব্য রাখেন উদীচী সভাপতি কামাল

এরপর জাতীয় সংগীতের সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন করেন উৎসবের উদ্বোধক চলচ্চিত্র নির্মাতা মানজারে হাসিন মুরাদ। আর সংগঠনের পতাকা উত্তোলন করেন উদীচী কেন্দ্রীয় সংসদের সভাপতি কামাল লোহানী ও উদীচী ঢাকা মহানগর সংসদের সভাপতি কাজী মোহাম্মদ শীশ।
এরপর আলোচনা সভায় বক্তব্য দেন উদীচী সভাপতি কামাল লোহানী, সহসভাপতি শংকর সাঁওজাল, জহির রায়হানের ছেলে অনল রায়হান ও চলচ্চিত্র নির্মাতা মসিউদ্দিন শাকের। উদীচী ঢাকা মহানগর সংসদের সভাপতি কাজী মোহাম্মদ শীশের সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন উদীচীর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক প্রবীর সরদার।

উৎসবের শুরুতে জহির রায়হান পরিচালিত ‘জীবন থেকে নেয়া’ চলচ্চিত্রের চারটি গান পরিবেশন করেন উদীচীর মিরপুর শাখার শিল্পীরা।
উৎসবের শুরুতে জহির রায়হান পরিচালিত ‘জীবন থেকে নেয়া’ চলচ্চিত্রের চারটি গান পরিবেশন করেন উদীচীর মিরপুর শাখার শিল্পীরা।

উদ্বোধনী পর্বের পর শুরু হয় চলচ্চিত্র প্রদর্শন পর্ব। শুরুতেই প্রদর্শিত হয় জহির রায়হান নির্মিত প্রামাণ্যচিত্র ‘স্টপ জেনোসাইড’। এরপর তারেক মাসুদ নির্মিত ‘রানওয়ে’ প্রদর্শিত হয়। সেন্টু রায় নির্মিত জহির রায়হানের জীবনীভিত্তিক চলচ্চিত্র ‘জহির রায়হান’ প্রদর্শনের পর ছিল ভারতীয় নির্মাতা সৌমিত্র দস্তিদার নির্মিত প্রামাণ্যচিত্র ‘এ লেটার টু মাই ডটার’র প্রদর্শনী। সবশেষে প্রদর্শিত হয় কামার আহমাদ সাইমন নির্মিত আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত পূর্ণদৈর্ঘ্য প্রামাণ্য ছবি ‘শুনতে কি পাও’। এ ছাড়া বাংলাদেশের ইতিহাসের ন্যক্কারজনক বোমা হামলাগুলোর ইতিহাসভিত্তিক প্রামাণ্যচিত্র ‘ক্ষতচিহ্ন’ প্রদর্শিত হয়—যা নির্মাণ করেছে উদীচী কেন্দ্রীয় চলচ্চিত্র ও চারুকলা বিভাগ।