অবশেষে তামিলনাড়ুতে মুক্তি পাচ্ছে ‘বিশ্বরূপম’!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘বিশ্বরূপম’ ছবিতে একাধিক আপত্তিকর দৃশ্য থাকার অভিযোগ তুলে প্রায় ১০ দিন ধরে প্রতিবাদ করছিল ভারতের দ্য ফেডারেশন অব ইসলামিক মুভমেন্টস সংগঠনসহ কয়েকটি রাজনৈতিক দল। পরে তামিল এই ছবির মুক্তির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেন আদালত। তবে গতকাল শনিবার সন্ধ্যায় পাঁচ ঘণ্টা আলোচনার পর সমঝোতায় আসতে রাজি হয়েছেন মুসলিম নেতারা। ফলে আগামী সপ্তাহে তামিলনাড়ুতে মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে ‘বিশ্বরূপম’ ছবির। আফগান আল-কায়েদা বাহিনীর নিউইয়র্ক আক্রমণ পরিকল্পনার বিষয়বস্তু নিয়ে নির্মিত ‘বিশ্বরূপম’ ছবিটি স্পাই থ্রিলারধর্মী। ছবিটি নিয়ে শুরু থেকেই নানা বিতর্ক চলছে। ইসলামি সংগঠনের মুখপাত্রদের সঙ্গে শনিবার সন্ধ্যায় আলোচনায় বসেছিলেন ছবির পরিচালক, কাহিনিকার ও সহ-প্রযোজক কমল হাসান। সঙ্গে ছিলেন ছবির আরেক প্রযোজক ও তাঁর ভাই চন্দ্র হাসান। আলোচনার মধ্যস্থতাকারী হিসেবে দায়িত্ব পালন করেন তামিলনাড়ুর স্বরাষ্ট্রসচিব আর রাজগোপাল। জানিয়েছে জিনিউজ ব্যুরো।ছবির আপত্তিকর সাতটি দৃশ্য বাদ দেওয়ার দাবি মেনে নেওয়ায় আন্দোলন বন্ধে রাজি হন মুসলিম নেতারা। এ প্রসঙ্গে কমল হাসান বলেন, ‘আমার মুসলিম ভাইদের সঙ্গে কথা বলেছি। তাঁদের বোঝাতে পেরেছি, ছবিতে আপত্তিকর কিছুই নেই। ছবির কয়েকটি দৃশ্য বাদ দিতেও রাজি হয়েছি আমি।’ ‘বিশ্বরূপম’ মুক্তির ওপর সরকারি নিষেধাজ্ঞা জারি হওয়ার পর সরকারি সিদ্ধান্তের বিরুদ্ধে আদালতে পিটিশন দায়ের করেছিলেন কমল হাসান। মুসলিম নেতাদের সঙ্গে সমঝোতা হওয়ার পর তিনি সেই পিটিশন উঠিয়ে নিয়েছেন। এ প্রসঙ্গে কমল জানিয়েছেন, ‘আশা করছি, শিগগিরই ছবির মুক্তির ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে।’ এদিকে, গত ১ ফেব্রুয়ারি তামিলনাড়ু বাদে ভারতের বিভিন্ন স্থানে মুক্তি পেয়েছে ‘বিশ্বরূপম’ ছবির হিন্দি সংস্করণ। ছবিটি দারুণ প্রশংসিত হয়েছে এবং এতে আপত্তিকর কোনো উপাদান নেই বলে রায় দিয়েছে দর্শকেরা।