অবশেষে থিয়েটার ক্লাব
‘যুদ্ধ-পরবর্তী বাংলাদেশে সফল মাধ্যম হিসেবে মঞ্চনাটককে পেয়েছি। আর এই মঞ্চনাটকে আধুনিক মিলনায়তন জাতীয় নাট্যশালা পেতে সময় লেগেছে প্রায় ৩৫ বছর। ১৫ বছরের আন্দোলনে পেলাম একটা থিয়েটার ক্লাব। বলা যায়, এবার আগেভাগেই নাট্যকর্মীদের দাবির পরিসমাপ্তি ঘটেছে।’ বলছিলেন বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সেক্রেটারি জেনারেল ঝুনা চৌধুরী। নাট্যকর্মীরা সৃজনশীল একটা আড্ডার জায়গা হিসেবে থিয়েটার ক্লাব প্রতিষ্ঠার জন্য অনেক দিন ধরে আন্দোলন করে আসছিলেন। আন্দোলন সফল হলো। নাট্যকর্মীরা থিয়েটার ক্লাব পেলেন। গত ২৮ মে শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালার ষষ্ঠতলায় থিয়েটার ক্লাবের জন্য একটি বড় রুম নাট্যকর্মীদের জন্য উন্মুক্ত হলো। বিকেল সাড়ে পাঁচটায় থিয়েটার ক্লাবের উদ্বোধন করেন সংস্কৃতি প্রতিমন্ত্রী প্রমোদ মানকিন। নাট্যকর্মীদের এই অনুষ্ঠানে বক্তব্য দেন শিল্পকলা একাডেমীর মহাপরিচালক কামাল লোহানী, গ্রুপ থিয়েটার ফেডারেশনের সম্মানিত চারজন সদস্য—রামেন্দু মজুমদার, মামুনুর রশীদ, আতাউর রহমান ও আলী যাকের এবং ফেডারেশনের সাবেক সভাপতি ম. হামিদ, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাবেক সাধারণ সম্পাদক গোলাম কুদ্দুছ, ফেডারেশনের সভাপতি লিয়াকত আলী লাকী, সেক্রেটারি জেনারেল ঝুনা চৌধুরী, সংস্কৃতিসচিবসহ অনেকেই।রামেন্দু মজুমদার বলেন, ‘শিল্পকলা একাডেমী আমাদের নাট্যকর্মীদের বসার একটা সুন্দর জায়গা দিয়েছে। এখন এই জায়গা সাজানোর দায়িত্ব নাট্যকর্মীদের, যেখানে নাট্য আড্ডায় ভরে থাকবে সারাক্ষণ।’ওই দিন বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের পক্ষ থেকে জানানো হয়, ক্লাবটি তাদের তত্ত্বাবধানে পরিচালিত হবে। ফেডারেশনের সভাপতি লিয়াকত আলী লাকী জানান, ক্লাবে একটা আলাদা লাইব্রেরি থাকবে। সেখানে পৃথিবীর বড় নাট্যকারদের বই, থিয়েটারবিষয়ক গবেষণা, জার্নাল, পত্রিকাসহ নানা তথ্যপত্র সংগৃহীত থাকবে। সেই সঙ্গে পৃথিবীখ্যাত নাটকের সিডি-ডিভিডিও সংগৃহীত থাকবে। ক্লাবের রুমটি বেশ বড়ই। ইচ্ছা করলেই ৫০ থেকে ৮০ জন নাট্যকর্মী একসঙ্গে ক্লাবে বসে ডিভিডি-সিডিতে নামকরা সব নাটক উপভোগ করতে পারবেন। থিয়েটার ক্লাবের যাত্রা প্রসঙ্গে লাকী বলেন, ‘আমরা অনেক দিন ধরেই একটা থিয়েটার ক্লাব প্রতিষ্ঠার জন্য আন্দোলন করে আসছিলাম। আমরা যারা নাটকের চর্চা করি, তাঁদের একসঙ্গে বসে আড্ডার জায়গা ছিল না। যে আড্ডা থেকে সৃজনশীল কাজ বেরিয়ে আসে। পৃথিবীর যেকোনো দেশেই থিয়েটার-পাড়ায় নাট্যকর্মীদের জন্য থিয়েটার ক্লাব সরকারিভাবে প্রতিষ্ঠা করা হয়। কিন্তু আমাদের দেশে তা ছিল না। এখন সেই সৃজনশীল আড্ডার একটা জায়গা হলো, যেখানে নাটকের মানুষগুলোর একসঙ্গে বসার সুযোগ হয়েছে। এতে করে একে অপরের কাজ গভীরভাবে জানতে পারবে এবং নাট্যচর্চা আরও বিকশিত হওয়ার সুযোগ হবে।’