অবশেষে নাতনির নাম নিশ্চিত করলেন অমিতাভ
নাতনি ‘বেটি বি’র নাম নিয়ে সবার দীর্ঘ ছয় মাস অপেক্ষার অবসান ঘটিয়েছেন ভারতের প্রখ্যাত অভিনেতা অমিতাভ বচ্চন। তাঁর নাতনির নাম যে ‘আরাধ্য’, তা এক টুইটার বার্তায় প্রকাশ করেছেন বলিউডের এই বর্ষীয়ান অভিনেতা। অমিতাভ নিশ্চিত করে জানিয়েছেন যে তাঁর নাতনির নাম ‘আরাধ্য’। প্রথমবারের মতো জনসমক্ষে নাতনির নাম প্রকাশের জন্য তিনি বেছে নিয়েছিলেন সামাজিক যোগাযোগ রক্ষার অন্যতম জনপ্রিয় ওয়েবসাইট টুইটার। এ প্রসঙ্গে এক টুইটার বার্তায় তিনি লিখেছেন, ‘আমার নাতনিকে আরাধ্য নামেই সবাই ডাকে।’ এক খবরে এমন তথ্যই প্রকাশ করেছে ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিস।সম্প্রতি হাসিনা ওয়াজের নামে এক ভক্ত অমিতাভের উদ্দেশে টুইটারে লেখেন, ‘আপনার সুন্দরী নাতনিকে দেখতে চাই। সেটা সম্ভব না হলে অন্তত তার নামটা জানালে অনেক খুশি হব। আপনাকে ধন্যবাদ।’ এর জবাবে অমিতাভ লেখেন, ‘ওর নাম আরাধ্য।’ উল্লেখ্য, গত বছরের নভেম্বরে বাবা-মা হন অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রাই বচ্চন। কিন্তু শুরু থেকেই মেয়ের নাম কিংবা ছবি প্রকাশের ক্ষেত্রে কঠোর গোপনীয়তা অবলম্বন করেন এই তারকা দম্পতি। একটা সময়ে ‘বেটি বি’ নামে পরিচিত হতে থাকে বচ্চন পরিবারের নতুন এই সদস্য। সর্বশেষ প্রকাশিত সংবাদে ‘বেটি বি’র নাম ‘আরাধ্য’ উল্লেখ করা হলেও, বচ্চন পরিবারের পক্ষ থেকে বিষয়টিকে নিশ্চিত করা হয়নি। অবশ্য সে সময় খবরটিকে মিথ্যা বলেও উড়িয়ে দেওয়া হয়নি। অবশেষে টুইটারে নাতনির নাম প্রকাশ করায় ‘বেটি বি’ নাম রহস্যের সমাধান হলো। এখন দেখার বিষয় হলো, আরাধ্যর ছবি কবে প্রকাশ করেন বচ্চন পরিবারের সদস্যরা।