অবশেষে নীরবতা ভাঙলেন রানী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রানী মুখার্জি
রানী মুখার্জি

বছরের পর বছর ধরে প্রেম নিয়ে লুকোচুরির পর অবশেষে গত ২১ এপ্রিল ইতালিতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছেন বলিউডের বহুল আলোচিত তারকা-নির্মাতা জুটি রানী মুখার্জি ও আদিত্য চোপড়া। বেশির ভাগ বন্ধু, সহকর্মী ও আত্মীয়স্বজনকে না জানিয়ে হুট করেই অনাড়ম্বর এক অনুষ্ঠানের মাধ্যমে বিয়ে করেন রানী-আদিত্য। প্রেম ও বিয়ে নিয়ে নজিরবিহীন লুকোচুরির পর অবশেষে সম্প্রতি নীরবতা ভেঙেছেন ৩৬ বছর বয়সী এ তারকা অভিনেত্রী। রানীর দাবি, প্রথম স্ত্রী পায়েল খান্নার সঙ্গে আদিত্যের বিচ্ছেদের পরই কেবল তাঁর (আদিত্য) সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন তিনি। রানী এও জানিয়েছেন, আদিত্যই প্রথম প্রেমের প্রস্তাব দিয়েছিলেন। শুধু তা-ই নয়, রানীর বাবা-মায়ের সামনেই রানীকে আজীবনের সঙ্গী হওয়ার প্রস্তাব দিয়েছিলেন আদিত্য। সম্প্রতি টাইমস অব ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাত্কারে আদিত্যের সঙ্গে প্রথম পরিচয়, প্রেম, বিয়েসহ আরও নানা বিষয় নিয়ে নিয়ে খোলামেলা কথা বলেছেন বাঙালি বংশোদ্ভূত বলিউডের অভিনেত্রী রানী মুখার্জি।

কয়েক বছর ধরে আদিত্যের সঙ্গে প্রেম-সংক্রান্ত যেকোনো প্রশ্ন আপনি এড়িয়ে গেছেন। এর পেছনের কারণ কী?
একজন অভিনয়শিল্পী হিসেবে আমি খুব ভালো করেই জানি, পছন্দের তারকার ব্যক্তিগত জীবনের খুঁটিনাটি নানা বিষয় জানার জন্য মুখিয়ে থাকেন তাঁর ভক্তেরা। কিন্তু তারকা হলেও আমি আর দশজন সাধারণ মেয়ের মতোই নিজের জীবনের একান্ত বিষয়গুলোকে জনসমক্ষে আনতে চাইনি। তার মানে এই নয় যে, আমি আমার ব্যক্তিগত জীবনের ঘটনাপ্রবাহকে সবার সামনে লুকানোর চেষ্টা করেছি। আমার জীবনের সবচেয়ে কাছের দুজন মানুষ আমার বাবা-মা। আমি চাইনি, তাঁদের মেয়ের জীবনের বিশৃঙ্খল কোনো গল্প তাঁদের শুনতে হোক। আদিত্যের সঙ্গে প্রণয়ে জড়ানোর শুরু থেকেই আমি সিদ্ধান্ত নিয়েছিলাম, কেবল বিয়ের পরই আমাদের ব্যক্তিগত বিষয় নিয়ে কথা বলব আমি। জোর গলায় বলতে পারি, ভয় কিংবা লোকলজ্জার কারণে আমি আমার ব্যক্তিগত জীবনকে আড়ালে রাখিনি। হ্যাঁ, আমি চুপ থেকেছি। কারণ আমার জীবনের সঙ্গে আরও অনেকের জীবন জড়িয়ে ছিল। খোলামেলা কথা বললে আমার জীবনের পাশাপাশি তাঁদের জীবনেও তার প্রভাব পড়ত। এ ছাড়া আদির সঙ্গে আমার সম্পর্ক একটি পর্যায়ে পৌঁছানোর পরই কেবল আমি মুখ খুলতে চেয়েছিলাম। প্রায় এক দশক ধরে আমাকে ও আদিকে ঘিরে নানা কেচ্ছা-কাহিনি ছড়ানো হয়েছে। কিন্তু আমি কাউকেই বিশ্বাস করাতে পারিনি যে তা সত্য নয়।


আদিত্যকে আপনি কত দিন থেকে চেনেন?
১৯৯৮ সালে মুক্তি পাওয়া ‘কুচ কুচ হোতা হ্যায়’ ছবিতে অভিনয়ের সময় এর পরিচালক করণ জোহরের মাধ্যমে প্রথম আদির সঙ্গে আমার পরিচয় হয়। পরে জানতে পেরেছি, ছবিটিতে আমাকে অন্তর্ভুক্ত করার জন্য করণকে পরামর্শ দিয়ে আদি বলেছিল, ‘আমার মনে হয় এই মেয়েটিকে তোমার ছবিতে নেওয়া উচিত। কারণ ভবিষ্যতে বড় একজন তারকায় পরিণত হবে সে।’ এভাবে চিন্তা করলে প্রথম পরিচয়ের আগেই আমার জীবনে আদির প্রভাব পড়েছিল। আমার ক্যারিয়ারে সাফল্যের পেছনে তার বিশাল ভূমিকা আছে। একটা সময়ে আমার ক্যারিয়ারে মন্দা চলছিল। তখন সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিল আদি। ২০০২ সালে মুক্তি পায় আদিত্য প্রযোজিত ‘মুঝসে দোস্তি করোগে’ ছবিটি। ওই ছবিতে অভিনয়ের জন্য আমাকে প্রস্তাব দেয় এবং কোনো কিছু না ভেবেই আমি রাজি হয়ে যাই। ক্যারিয়ারের মন্দা অবস্থা থেকে বের হয়ে আসার পথ বাতলে দিতে আদি আমায় বলেছিল, ‘আপনার ছবি নির্বাচন ঠিক হচ্ছে না। আপনার কেবল সেসব ছবিতেই কাজ করা উচিত, যেসব ছবির গল্প একজন অভিনয়শিল্পী হিসেবে আপনি বিশ্বাস করেন।’ আদির সেই পরামর্শ আমি অক্ষরে অক্ষরে পালন করেছি। আমি একের পর এক ছবির প্রস্তাব ফিরিয়ে দিয়েছি। ওই সময়টায় ‘সাথিয়া’, ‘চলতে চলতে’ ও ‘ব্ল্যাক’-এর মতো ছবিতে অভিনয় করে আমি সাফল্যের দেখা পাই।

বিয়ের আগে ঠিক কত দিন আপনারা প্রেম করেছেন?

রানী মুখার্জি-আদিত্য চোপড়া
রানী মুখার্জি-আদিত্য চোপড়া


যদিও অনেক আগে থেকেই আমাদের মধ্যে দারুণ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল। তার পরও আমাদের প্রেমের বয়স তিন বছর। কাকতালীয় বিষয় হলো, আমরা এমন একটা সময়ে প্রেমের সম্পর্কে জড়াই, যখন আমাদের দুজনের জীবনেই দুঃসময় চলছিল। প্রথম স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের পর মানসিকভাবে বিপর্যস্ত ছিল আদিত্য। নতুন কোনো সঙ্গীর কথা সে ভাবতেই পারছিল না। ঠিক তখনই কীভাবে যেন আমরা একে অন্যের প্রতি দুর্বল হয়ে পড়ি। আমার মনে হয়, দুজনের জীবনেই দুঃসময় চলছিল বলে আমাদের সম্পর্কের ভিত্তিটা অনেক বেশি মজবুত।

আদিত্যের বিচ্ছেদের আগে তার প্রতি কখনো আপনার দুর্বলতা কাজ করেনি?

আদিত্য প্রচণ্ড কাজপাগল একজন মানুষ। তার সঙ্গে কাজ করার সময় কখনোই প্রেমের দৃষ্টিতে তাকানো সম্ভব ছিল না আমার পক্ষে। কাজের বাইরে অন্য কোনো প্রসঙ্গে কথা হতো না আমার। তবে আমি বুঝতে পারতাম, সে আমাকে পছন্দ করে। আর সবার চেয়ে আমার সঙ্গে একটু বেশিই কথা বলত আদি। প্রায়ই আমাদের ঘিরে নানা গুঞ্জন উঠত। বলা যায়, এসব গুঞ্জনই আমাদের দুজনকে একত্র করেছে। আমি আবারও বলছি, আদিত্যের বিচ্ছেদের পরই কেবল আমাদের মধ্যে সখ্য গড়ে উঠেছে, তার আগে নয়। এমনকি আমরা একে অন্যের প্রতি দুর্বল হওয়ার সময় আমি আদিত্য প্রযোজিত কোনো ছবিতে কাজ করিনি। কারণ ছবির প্রযোজকের সঙ্গে প্রেম করার মতো মেয়ে আমি নই। গত তিন বছরে আমার অভিনীত ‘নো ওয়ান কিলড জেসিকা’, ‘তালাশ’ ও ‘আইয়া’ ছবিগুলো মুক্তি পেয়েছে। এ তিনটি ছবির একটিরও প্রযোজক হিসেবে দায়িত্ব পালন করেনি আদি।

আদিত্যের ঘর ভাঙার জন্য অনেকেই আপনাকে দায়ী করেন। এমন অনেক খবর চাউর হওয়ার পরও আপনি চুপ থেকেছেন কেন?

আমি খুব ভালো করেই জানতাম খবরগুলো কোন সূত্র থেকে প্রকাশিত হতো। তাদের উদ্দেশ্য সম্পর্কেও আমি অবগত ছিলাম। আজ আমার ও আদির বিয়েই প্রমাণ করে যে সেসব খবর সত্য ছিল না। আমি কর্মে বিশ্বাসী একজন মানুষ। ইচ্ছাকৃতভাবে কারও ক্ষতি আমি করিনি, ভবিষ্যতেও করব না। আমার ভেতরের এই গুণটি সম্পর্কে আদি খুব ভালো করেই জানে। এ জন্য সে আমাকে অনেক শ্রদ্ধা ও পছন্দ করে। আদিত্য, পায়েল ও আমাকে ঘিরে আজেবাজে অনেক খবরই রটানো হয়েছে। কিন্তু কখনোই সেগুলোর ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন আমি অনুভব করিনি। কারণ আমি ও আদিত্য দুজনই জানতাম, সেগুলো মিথ্যা।

আদিত্য চোপড়া-রানী মুখার্জি
আদিত্য চোপড়া-রানী মুখার্জি

আদিত্যের প্রেমে পড়লেন কেন?
প্রতিটি মেয়ের মতো আমিও নির্দিষ্ট কিছু মানদণ্ডের ভিত্তিতে জীবনসঙ্গী খুঁজেছি। একটা পর্যায়ে মনে হয়েছে, আমি জীবনসঙ্গী হিসেবে যেমন মানুষ খুঁজেছি, আদি ঠিক তেমনই। ধীরে ধীরে আমি আদিকে আবিষ্কার করেছি। বিয়ের পরও আবিষ্কার করে যাচ্ছি। আমাদের দুজনের চিন্তা-ধারা একই রকম। আদি তার বাবা-মাকে অনেক ভালোবাসে ও শ্রদ্ধা করে। আমার ক্ষেত্রেও ঠিক তা-ই। আদির মতো আমারও পুরো জগত্টা আমার বাবা-মাকে ঘিরে। আদির হূদয়ে নেতিবাচক কোনো কিছুই আমি খুঁজে পাইনি। কখনোই কারও ক্ষতি কিংবা অমঙ্গল সে করতে পারেনি, পারবেও না। সে কেবল অন্যের ভালো চায়। শুধু তা-ই নয়, মানুষের ভালো দিকগুলোই কেবল তাঁর চোখে পড়ে, খারাপ দিকগুলো নয়।

ভালোবাসার সম্পর্কে অন্যতম ভিত্তি হলো পারস্পরিক শ্রদ্ধাবোধ। আমি আদিকে অনেক শ্রদ্ধা করি। কারণ সে বুদ্ধিমান। নিজ যোগ্যতায় সফলতা অর্জন করেছে সে। ১৭ বছর বয়স থেকে আমি চলচ্চিত্র জগতে কাজ করছি। অনেক রকম মানুষই দেখার সুযোগ হয়েছে আমার। রুপালি জগতে শ্রদ্ধা করার মতো মানুষ খুঁজে পাওয়া বেশ কঠিন। বরাবরই আমি এমন কারও প্রেমে পড়তে চেয়েছি, যাকে আমি শ্রদ্ধা করতে পারব। আদি তেমনই একজন মানুষ। এটা ঠিক যে, আমি আদির চেয়ে বেশি আবেগপ্রবণ। কিন্তু মানুষ হিসেবে সে আমার চেয়ে ঢের ভালো। আমি সব সময় এমন একজন মনের মানুষ চেয়েছি, যে মানুষ হিসেবে অনেক বেশি ভালো হবে। আমি আদির ভেতর সেই ভালো মানুষের সন্ধান পেয়েছি। এ জন্য আমি খুবই সন্তুষ্ট।

আমার জীবনে শিব হলো আদি। শিব যেভাবে পার্বতীকে ভালোবাসত, আদিও আমাকে ঠিক সেভাবেই ভালোবাসে। আমিও তার জীবনে পার্বতীর মতোই। তাকে ছাড়া আর কিছুই ভাবতে পারি না আমি। আদিত্য আমার মা-বাবাকে অনেক শ্রদ্ধা করে। আমার মা-বাবার প্রতি অনেক বেশি যত্নশীল সে। এ জন্য আমি তাকে অনেক পছন্দ করি। আমিও আদির মা-বাবাকে অনেক শ্রদ্ধা করি। এ জন্য আমাকেও সে অনেক পছন্দ করে। আমরা দুজনই ভ্রমণ করতে, ছবি দেখতে ও খেতে খুব ভালোবাসি। আমাদের ভেতর কেবল একটি বিষয়েই অমিল রয়েছে। আর তা হলো, গুটিকয়েক মানুষের প্রতি আবেগপ্রবণ আদি। আর আমি বিশ্বের সবকিছুর প্রতিই আবেগপ্রবণ। প্রতিটি মেয়ের ভেতরই আত্মজিজ্ঞাসা থাকে—তাঁর জীবনসঙ্গীটি কেমন? আমার ক্ষেত্রে এই প্রশ্নের জবাবটা বেশ ইতিবাচক। জীবনে আদির মতো একজন ভালো মানুষকে পেয়ে আমি অনেক অনেক খুশি। এখন পর্যন্ত তার সঙ্গে কাটানো সময়গুলোর দিকে পিছু ফিরে তাকালে মনে হয়, ঈশ্বর সত্যিই আমার প্রতি অনেক বেশি কৃপা দেখিয়েছেন।

আপনাদের মধ্যে কে প্রথম ভালোবাসার কথা প্রকাশ করেছিল?

অবশ্যই আদি প্রথম আমাকে ভালোবাসার প্রস্তাব দিয়েছিল। আমিও এমনটাই চেয়েছিলাম। কারণ এটাই রীতি। আদি আমার বাসায় গিয়ে আমার মা-বাবার সামনে প্রথম আমাকে আজীবনের সঙ্গী হওয়ার প্রস্তাব দিয়েছিল। এর চেয়ে সুন্দর আর কী হতে পারে!