অবশেষে ফিরলেন তিন্নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবশেষে প্রতিশ্রুতি অনুযায়ী দেরিতে হলেও নাটকের শুটিংয়ে ফিরলেন অভিনয়শিল্পী তিন্নি। আজ বুধবার সকালে ঢাকায় নাটকের শুটিংয়ে অংশ নিয়েছেন তিনি।মাস দুয়েক আগে প্রথম আলোর সঙ্গে আলাপকালে শ্রাবস্তী দত্ত তিন্নি অভিনয়ে ফেরার ইঙ্গিত দিয়েছিলেন। বলেছিলেন, ‘আমি আসছি। অনেক দিন ক্যামেরার সামনে থেকে দূরে আছি। দোষটা আসলে আমারই। মনে হলো, কাজ করব না, ভালো লাগছে না, তাই করিনি। সব ছেড়ে দূরে চলে গিয়ে নিজের মতো করে ছিলাম। আর ভালো লাগছে না। মন পড়ে আছে অভিনয়ে। শুধু ভাবছি, কবে আবার ক্যামেরার সামনে দাঁড়াব। অনেক দিন তো বিশ্রাম নিয়েছি। এখন আবার কাজ শুরু করছি।’প্রথমদিকে ২৫ ও ২৬ নভেম্বর নাটকের শুটিংয়ে অংশ নেওয়ার কথা ছিল তিন্নির। পরে আরেক দফায় ফেরার প্রত্যয় ব্যক্ত করেও ফিরতে পারেননি তিন্নি। শেষ পর্যন্ত ‘এই মায়া’ শিরোনামের নাটকের মধ্য দিয়েই অভিনয়ে ফেরা হলো তাঁর। শাহরিয়ার নাজিমের লেখা নাটকটি পরিচালনা করছেন চয়নিকা চৌধুরী। ‘এই মায়া’ নাটকে তিন্নির সহশিল্পী অপূর্ব।তিন্নি বলেন, ‘আমি এখন থেকে নিয়মিত অভিনয় করতে চাই। আর এ জন্য সবার সহযোগিতাও চাই।’তিন্নি আরও বলেন, ‘একটা সময় অভিনয়টাই আমার কাছে প্রধান বিবেচ্য বিষয় ছিল। এখন কিন্তু ব্যাপারটা সেরকম না। আমি ভালোমানের কাজ করতে চাই।’ প্রসঙ্গত, গত ঈদুল ফিতরে মুক্তি পেয়েছে তিন্নি অভিনীত চলচ্চিত্র ‘সে আমার মন কেড়েছে’। এই ছবিতে তিনি অভিনয় করেছেন শাকিব খানের সঙ্গে। ছবিতে তিন্নির অভিনয় বেশ প্রশংসিত হয়।