অবশেষে বলিউডে ফিরছেন ঐশ্বরিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঔপন্যাসিক ড্যাফনে দ্যু মঁরিয়ের ১৯৩৮ সালে প্রকাশিত বিখ্যাত উপন্যাস ‘রেবেকা’ অবলম্বনে চলচ্চিত্র নির্মাণের কাজ হাতে নিয়েছেন বলিউডের চিত্রনির্মাতা মনিরত্নম। ছবিটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করতে রাজি হয়েছেন ঐশ্বরিয়া রাই বচ্চন। গত বছরের নভেম্বরে মা হওয়ার পর মেয়ে আরাধ্য বচ্চনকে যতটা সম্ভব সময় দেওয়ার চেষ্টা করছেন বলিউডের অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন। এ জন্য রুপালি পর্দার জগত্ থেকে দূরে আছেন তিনি। কিন্তু ঐশ্বরিয়া-ভক্তরা চাইছেন, যত দ্রুত সম্ভব বড়পর্দায় ফিরে আসুন তিনি। ভক্তদের সে প্রতীক্ষার অবসান হতে চলেছে। মনি রত্নমের নতুন এই ছবির মাধ্যমে বলিউডে প্রত্যাবর্তন ঘটবে ঐশ্বরিয়ার। ঘনিষ্ঠ সূত্রের বরাতে টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, আবারও ক্যামেরার সামনে দাঁড়াতে প্রস্তুতি নিচ্ছেন ঐশ্বরিয়া। নাম চূড়ান্ত না হওয়া ওই ছবিতে ড্যাফনে দ্যু মঁরিয়ে রচিত ‘রেবেকা’ উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র মিসেস ডা উইন্টারের রূপে দেখা যাবে ঐশ্বরিয়াকে।১৯৯৭ সালে মনি রত্নম পরিচালিত তামিল ছবি ‘ইরুভার’ দিয়ে চলচ্চিত্রে অভিষেক হয়েছিল ঐশ্বরিয়ার। ১০ বছর পর তিনি একই পরিচালকের ‘গুরু’ ছবিতে অভিনয় করেন। ২০১০ সালে অভিনয় করেন মনি রত্নমের ‘রাবণ’ ছবিতে। এখন পর্যন্ত প্রতিবারই মনি রত্নমের চিত্রনাট্য কিংবা প্রস্তাবিত চরিত্র মনে ধরেছে ঐশ্বরিয়ার। এবারও তার ব্যতিক্রম হয়নি। এরই মধ্যে ঐশ্বরিয়া নতুন ছবিটির চিত্রনাট্য পড়া শুরু করেছেন। পাশাপাশি মেয়ে আরাধ্যকেও যতটা সম্ভব সময় দিচ্ছেন। সবকিছু ঠিকঠাক এগোলে আগামী বছর ছবিটির কাজ শুরু হবে। ২০১৪ সালে এটি মুক্তি দিতে চান নির্মাতা মনি রত্নম।