অবশেষে ভিসা পেলেন সালমান

কিক’ ছবির মূল অভিনেতা সালমান খানকে ছাড়াই লন্ডনে ছবির শুটিং করছিলেন নির্মাতা সাজিদ নাদিয়াদওয়ালা। যুক্তরাজ্য সরকার সালমানকে ভিসা না দেওয়ায় বাধ্য হয়েই এটা করতে হয়েছে সাজিদকে। তবে এ সংকট কেটেছে। প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়ে যুক্তরাজ্যের উদ্দেশে উড়ালের অনুমতি পেয়ে গেছেন খান সাহেব। সালমানের অনুপস্থিতিতে এ মুহূর্তে ‘কিক’ ছবির আরেক নায়ক রণদীপ হুদাকে নিয়ে শুটিং করছেন সাজিদ নাদিয়াদওয়ালা। এ ছাড়া ছবির কয়েকটি অ্যাকশন দৃশ্যে সালমানের বডি ডাবল ব্যবহার করা হয়েছে। সম্প্রতি এক খবরে এমনটিই জানিয়েছে ওয়ান ইন্ডিয়া। সালমানের অনুপস্থিতির কারণে তাঁর বডি ডাবল ব্যবহার করা হচ্ছে, বিষয়টা কিন্তু তা নয়। ট্রাইজেমিনাল নিউরালজিয়া নামের জটিল স্নায়ুরোগ থেকে পুরোপুরি মুক্তি না মেলায় সালমানকে ঝুঁকিপূর্ণ দৃশ্যে অভিনয় করা থেকে বিরত থাকতে বলেছেন চিকিত্সকেরা। মূলত, এ কারণেই ছবির ঝুঁকিপূর্ণ অ্যাকশন দৃশ্যে সালমানের বডি ডাবল ব্যবহার করা হচ্ছে।
‘কিক’ ছবির শুটিংয়ে অংশ নিতে গত সপ্তাহে যুক্তরাজ্য যাওয়ার কথা ছিল সালমানের। কিন্তু কোনো রকম কারণ না দেখিয়েই তাঁকে ভিসা দেয়নি যুক্তরাজ্যের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। সালমানের কাছের লোকদের ধারণা, তাঁর বিরুদ্ধে গাড়িচাপা দিয়ে মানুষ হত্যা মামলার বিচারকাজ ঝুলে থাকার কারণেই এমনটা ঘটেছে।
এ প্রসঙ্গে ‘কিক’ ছবির সঙ্গে সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছিল, ‘সালমানের ভিসার জন্য আবারও আবেদন করা হবে। তাঁর অনুপস্থিতির কারণে এর মধ্যেই ছবির শুটিংয়ের কাজ বেশ পিছিয়ে গেছে। আগামী সপ্তাহ পর্যন্ত তাঁর জন্য আমরা অপেক্ষা করব। আমাদের প্রত্যাশা, এই সময়ের মধ্যে তিনি যুক্তরাজ্যের ভিসা পেয়ে যাবেন।’
প্রসঙ্গত, ২০০২ সালের ২৮ সেপ্টেম্বর ভোররাতে বান্দ্রায় একটি বেকারির সামনে ফুটপাতে ঘুমিয়ে ছিল পাঁচজন হতদরিদ্র মানুষ। ওই সময় সালমানের টয়োটা ল্যান্ড ক্রুজার গাড়িটি তাদের চাপা দিয়ে পালিয়ে যায়। মর্মান্তিক সেই দুর্ঘটনায় একজন নিহত ও চারজন আহত হয়। অবশ্য বরাবরই সালমানের পক্ষ থেকে দাবি করা হয়েছে, দুর্ঘটনার সময় তিনি চালকের আসনে ছিলেন না।
মামলায় হাজিরা দিতে গত ২৪ জুলাই আদালতে উপস্থিত হন সালমান। সেদিন মামলাসংক্রান্ত নতুন কিছু সিদ্ধান্তের কথা জানান আদালত। ভারতীয় দণ্ডবিধির ৩০৪(২) ধারায় সালমানের বিচার-কার্যক্রম চলার কথা থাকলেও ভারতীয় দণ্ডবিধির ৩০৪(৩) ধারায় সালমানের বিচার-কার্যক্রম চলবে বলে আদেশ দেন মুম্বাই সেশন কোর্ট। এই ধারায় যাবজ্জীবন কিংবা ১০ বছরের কারাদণ্ডের বিধান রয়েছে। সালমানের মামলার বিচার-কার্যক্রম পরিচালনার জন্য বিচারকও পরিবর্তন করা হয়। মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয় ১৯ আগস্ট। তবে কাজের ব্যস্ততার কারণে মামলার পরবর্তী শুনানিগুলোতে সালমানকে হাজিরা না দিলেও চলবে বলে জানানো হয়েছে।