অবশেষে মহিলা সমিতিতে হচ্ছে দুটি মিলনায়তন!
নাট্যকর্মীদের অপেক্ষার অবসান ঘটতে যাচ্ছে এবার। অবশেষে মঞ্চনাটকের সূতিকাগার হিসেবে পরিচিত নাটক সরণির মহিলা সমিতিতে নাটকের দুটি আধুনিক মিলনায়তন হতে যাচ্ছে। ৪ সেপ্টেম্বর এ বিষয়ে বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের নেতাদের সঙ্গে মহিলা সমিতি কর্তৃপক্ষ এক বৈঠকে মিলিত হয়। বৈঠকে সিদ্ধান্ত হয়, আগামী ডিসেম্বর নাগাদ মহিলা সমিতির পুরোনো ভবন ভেঙে ফেলে একই জায়গায় একটি আধুনিক মহিলা সমিতি কমপ্লেক্স তৈরি করা হবে। সেখানে মঞ্চনাটকের সব ধরনের সুযোগ-সুবিধা নিয়ে দুটি নাটকের মিলনায়তন করা হবে। একটি হবে ৩০০ আসনের, যার নাম রাখা হবে ড. নীলিমা ইব্রাহিম মিলনায়তন। অন্যটি হবে ২০০ আসনের, যার নাম হবে আইভি রহমান মিলনায়তন। বৈঠকে নতুন আধুনিক মিলনায়তন দুটির নকশাও দুই পক্ষের নেতাদের সামনে উপস্থাপন করা হয়। স্থপতি বিল্ড লিমিটেডের পক্ষে নকশা উপস্থাপন করেন স্থপতি এহসান খান। এ সময় ফেডারেশনের পক্ষে উপস্থিত ছিলেন আইটিআই কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি রামেন্দু মজুমদার, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি নাসির উদ্দীন ইউসুফ, ফেডারেশনের সভাপতি লিয়াকত আলী লাকী, সভাপতিমণ্ডলীর সদস্য কেরামত মওলা, ফেডারেশনের অ্যাসিসটেন্ট সেক্রেটারি জেনারেল আকতারুজ্জামান ও অনুষ্ঠান সম্পাদক চন্দন রেজা। বাংলাদেশ মহিলা সমিতির পক্ষে উপস্থিত ছিলেন সভানেত্রী সিতারা আহসানউল্লাহ, সাধারণ সম্পাদক তানিয়া বাখ্ত। মহিলা সমিতিতে দুটি আধুনিক নাটকের মিলনায়তন নির্মাণ প্রসঙ্গে নাট্যজন রামেন্দু মজুমদার বলেন, এটা মঞ্চনাটকের জন্য খুবই ইতিবাচক দিক। মঞ্চনাটকের সূতিকাগার হলো মহিলা সমিতি মঞ্চ। এই ঐতিহ্য যাতে নষ্ট না হয়, সে ব্যাপারে মহিলা সমিতি কর্তৃপক্ষ সচেতন। তারা বিষয়টিকে মাথায় নিয়ে এমন একটা সিদ্ধান্ত নিয়েছে। এতে নাট্যকর্মীরা খুবই আনন্দিত। ফেডারেশনের নেতারা জানিয়েছেন, আগামী ডিসেম্বরের মধ্যেই পুরোনো মিলনায়তনটি ভেঙে ফেলা হবে। আগামী বছরের শুরুতেই মহিলা সমিতি কমপ্লেক্সের কাজ শুরু হবে। দুটি নাটকের মিলনায়তন ছাড়াও মঞ্চনাটকের আধুনিক সুযোগ-সুবিধা এখানে থাকছে। ফেডারেশনের নেতা চন্দন রেজা বলেন, প্রথম ফেইজে কমপ্লেক্সটি পাঁচতলা করা হবে। এখানে নিচতলায় একটি বড় লবি থাকবে। দ্বিতীয় তলা থেকে নাটকের মিলনায়তন হবে। কমপ্লেক্সের সামনে নাট্যকর্মী ও দর্শকের আড্ডার জন্য থাকবে সুপরিসর জায়গা, থাকবে বইয়ের দোকান। সেখানে থিয়েটারবিষয়ক বই ও পত্রিকা রাখার ব্যবস্থা থাকবে।উল্লেখ্য, দীর্ঘদিন ধরে নাটক সরণির মহিলা সমিতিকে আধুনিক রূপ দেওয়ার জন্য নাট্যকর্মী ও বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের নেতারা দাবি জানিয়ে আসছিলেন। কয়েক বছর ধরে মিলনায়তনটিতে বিদ্যুৎ-বিভ্রাট, সাজসজ্জা, কক্ষের অব্যবস্থাপনা, মঞ্চের আধুনিক সরঞ্জামের অভাবের কারণে অনেক দলই এখানে নাটক করছে না। বর্তমানে মাসের প্রায় ২০ দিনই মিলনায়তনটি খালি পড়ে থাকে।