অবশেষে মিললেন ক্রিস্টেন-প্যাটিনসন
শেষ পর্যন্ত প্রেমিক রবার্ট প্যাটিনসনকে ঠিকই মানিয়ে ফেললেন ক্রিস্টেন স্টুয়ার্ট। বেশ কিছুদিন দূরে থাকার পর সম্প্রতি আবার একসঙ্গে হয়েছেন ‘টোয়াইলাইট’খ্যাত আলোচিত এ তারকাযুগল। সম্প্রতি লস অ্যাঞ্জেলেসের একটি বারে একসঙ্গে দেখা গেছে ক্রিস্টেন ও প্যাটিনসনকে। প্রিয় দুই তারকার সঙ্গে ছবি তোলারও সুযোগ পেয়েছেন তাঁদের এক ভক্ত। মূলত, এর পর থেকেই এই জুটির পুনর্মিলনের খবর ছড়িয়ে পড়ে। এদিকে, মার্কিন গায়িকা কেটি পেরির সহকারী তামরা ন্যাটিসিনের জন্মদিনের অনুষ্ঠানেও হাজির হয়েছিলেন ক্রিস্টেন ও প্যাটিনসন। তামরার ভালো বন্ধু ক্রিস্টেন। প্রেমিককে সঙ্গে নিয়েই বন্ধুর জন্মদিন উদযাপন করেছেন তিনি। এক খবরে জানিয়েছে যুক্তরাজ্যের ‘ফিমেলফার্স্ট ডটকম’। জন্মদিনের অনুষ্ঠানের একটি সংক্ষিপ্ত ভিডিও পোস্ট করা হয়েছে ইউটিউবে। সেখানে দেখা গেছে, কেক কাটার সময় ‘হ্যাপি বার্থডে’ গান গাইছেন কেটি পেরি এবং পাশাপাশি দাঁড়িয়ে আছেন ক্রিস্টেন-প্যাটিনসন। পরে একসঙ্গে নৈশভোজেও অংশ নেন তাঁরা।গত বছরের জুলাইয়ে নির্মাতা রুপার্ট স্যান্ডারসের সঙ্গে ক্রিস্টেনের পরকীয়ার খবর ফাঁস হওয়ার পর শুরুতে ক্রিস্টেনকে ছেড়ে চলে গিয়েছিলেন প্যাটিনসন। পরে অবশ্য জোড়া লাগে তাঁদের সম্পর্ক। কিন্তু কিছুদিন আগে আবারও এই জুটির ভাঙনের খবর প্রকাশিত হয়। এ বিষয়ে প্যাটিনসন নিজের অবস্থান স্পষ্ট না করলেও যেকোনো উপায়ে প্রেম টিকিয়ে রাখার ইচ্ছের কথা জানিয়েছিলেন ক্রিস্টেন। ‘দ্য রোভার’ ছবির শুটিংয়ের কাজে গত ফেব্রুয়ারি মাস থেকে অস্ট্রেলিয়ায় ছিলেন প্যাটিনসন। প্রেমিককে মানাতে অস্ট্রেলিয়ায়ও যেতে চেয়েছিলেন ক্রিস্টেন। কিন্তু তাঁকে সেখানে যেতে বারণ করেন প্যাটিনসন।