অবশেষে মুখ খুললেন ক্যাটরিনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ক্যাটরিনা কাইফ
ক্যাটরিনা কাইফ

গত মাসে স্পেনে ছুটি কাটানোর সময় ইবিজা সমুদ্রসৈকতে রণবীর কাপুর ও ক্যাটরিনা কাইফকে গোপনে ক্যামেরাবন্দী করেছিলেন আলোকচিত্রীরা। আলোচিত এ তারকাযুগলের অন্তরঙ্গ মুহূর্তের সেসব ছবি ফাঁস হওয়ার পর চারদিকে শোরগোল পড়ে গেলেও এত দিন নিশ্চুপ ছিলেন ক্যাটরিনা। অবশেষে সম্প্রতি বিষয়টি নিয়ে মুখ খুললেন তিনি। এই ঘটনায় তিনি ক্ষুব্ধ প্রতিক্রিয়াই ব্যক্ত করেছেন।
ছবি ফাঁসের ঘটনায় প্রতিক্রিয়া জানাতে খোলা চিঠি লিখেছেন ক্যাটরিনা। সম্প্রতি ‘টাইমস অব ইন্ডিয়া’য় প্রকাশিত হয়েছে সেই চিঠি। চিঠিতে ক্যাটরিনা লিখেছেন, ‘আমি স্পেনে অবকাশযাপনে গিয়েছিলাম। সে সময় লুকিয়ে এসব ছবি তোলা হয়েছে কোনো রকম অনুমতি না নিয়েই। ভীরু-কাপুরুষের মতো এমন কাজ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। শুধু তাই নয়, ছবিগুলো প্রকাশও করা হয়েছে বাণিজ্যিক লাভের উদ্দেশ্যে।’
ক্যাটরিনা আরও লিখেছেন, ‘তারকাদের ব্যক্তিগত জীবনের প্রতি বিন্দুমাত্র শ্রদ্ধা না দেখিয়ে এবং শালীনতার তোয়াক্কা না করে অসাধু সাংবাদিকতার চর্চা চলছে। একশ্রেণীর অসাধু সাংবাদিক শকুনের মতো ওঁত পেতে তারকাদের ব্যক্তিজীবনে হস্তক্ষেপ করছেন। আমার এসব ছবি ফাঁস করে সেই অসাধু সাংবাদিকতাকেই উত্সাহিত করা হয়েছে।’
প্রকাশিত ছবিগুলো সংবাদমাধ্যম থেকে সরিয়ে ফেলার কথাও বলেছেন ক্যাটরিনা। তিনি লিখেছেন, ‘বরাবরই গণমাধ্যমের সঙ্গে আমি সুসম্পর্ক বজায় রেখেছি। চাইলেই যেকোনো সময় গণমাধ্যমকর্মীরা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। কাজেই আমার ওপর এভাবে চুপিসারে আক্রমণ চালানোর কোনো কারণ নেই।’

প্রসঙ্গত, গত জুলাই মাসের শুরুর দিকে ম্যাকাওতে আইফা অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা বলে ক্যাটরিনা চলে যান স্পেনে। সেখানে আগে থেকেই তাঁর জন্য অপেক্ষা করছিলেন রণবীর। স্পেনের ইবিজা সমুদ্রসৈকতে অবকাশযাপনের সময় গোপনে তাঁদের একান্ত মুহূর্তগুলো ক্যামেরাবন্দী করেন আলোকচিত্রীরা। পরে ছবিগুলো প্রকাশিত হয় ‘স্টারডাস্ট’ ম্যাগাজিনে। ছবিগুলোতে বিকিনি পরা অবস্থায় দেখা গেছে ক্যাটকে।

এ প্রসঙ্গে ‘স্টারডাস্ট’ ম্যাগাজিনের সম্পাদক রাম কমল জানান, ‘নিজেদের প্রেম নিয়ে বহু দিন লুকোচুরি খেলার পর এবার অনেকটা প্রকাশ্যেই মেলামেশা করছেন রণবীর-ক্যাটরিনা। ভালোবাসার কথা সবাইকে জানানোর মধ্যে দোষের কিছু নেই। আমাদের প্রকাশিত ছবিগুলোতে তাঁদের প্রেমের গভীরতা স্পষ্ট ফুটে উঠেছে।’

রাম কমল আরও জানান, ‘ইদানীং ঘন ঘন অভিসারে মেতে উঠছেন রণবীর-ক্যাটরিনা। এমনকি সবার সামনেই গান গেয়ে ক্যাটরিনাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন রণবীর। এসব ঘটনা থেকে স্পষ্ট বোঝা যায়, তাঁরা চুটিয়ে প্রেম করছেন এবং নিজেদের প্রেমের কথা সবাইকে জানাতে চাইছেন।’