অবশেষে রাজ্জাকের আয়নাকাহিনি আসছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজ্জাক
রাজ্জাক

শুরুতে কথা ছিল ৪ অক্টোবর মুক্তি পাবে রাজ্জাক পরিচালিত নতুন চলচ্চিত্র আয়নাকাহিনি। শেষ পর্যন্ত তা আর সম্ভব হয়নি। আয়নাকাহিনি ছবিটি মুক্তির নতুন তারিখ হচ্ছে আগামী ৮ নভেম্বর বলে জানিয়েছেন রাজ্জাক নিজে। এরপর আর কোনোভাবেই ছবিটির মুক্তির তারিখ পেছানো হবে না বলেও জানিয়েছেন তিনি।

প্রথম আলো ডটকমকে রাজ্জাক জানিয়েছেন, ‘আমার ছবিটি কিন্তু মুক্তির জন্য ছয় মাস আগে থেকেই প্রস্তুত। দেশের অস্থির পরিস্থিতিতে কোনোভাবেই মুক্তি দিতে চাচ্ছিলাম না। কোরবানির আগের সময়টাকে কিছুটা উপযোগী মনে হলেও পরে আর সাহস দেখালাম না। এখন মোটামুটি ছবিটি মুক্তির জন্য সময়টা অনেক বেশি উপযোগী। তাই ৮ নভেম্বরটাকে বেছে  নিলাম।’

এদিকে ছবির গল্প প্রসঙ্গে রাজ্জাক বলেন, ‘আমার নতুন ছবি ‘আয়নাকাহিনি’ অন্য সব ছবিগুলোর মতো নয়। অসাধারণ একটি বিষয়বস্তুকে কেন্দ্র করেই ছবিটি নির্মিত হয়েছে। ‘আয়নাকাহিনি’ যৌতুক প্রথার বিরুদ্ধে একটা আন্দোলনও বলা যেতে পারে। ইমদাদুল হক মিলনের আয়নাকাহিনি উপন্যাসটি পড়ার পরই ছবি বানানোর ব্যাপারে আগ্রহী হই। এখন সবাইকে অনুরোধ করব, তাঁরা যেন প্রেক্ষাগৃহে যেয়ে ছবিটি উপভোগ করেন।’

জানা গেছে, দেশের ৩০ টির মতো প্রেক্ষাগৃহে আয়না কাহিনি ছবিটি মুক্তি পাচ্ছে। এর বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সম্রাট, কেয়া, শতাব্দী ওয়াদুদ, শামস সুমন, মম মোর্শেদ ও রাজ্জাক প্রমুখ।

‘আয়নাকাহিনি’ প্রসঙ্গে রাজ্জাক আরও বলেন, ‘আমার এ ছবির গল্পটি বেশ ভালো। প্রত্যেক অভিনয়শিল্পী বেশ যত্ন নিয়ে কাজ করেছেন। নির্মাণকাজও ভালো হয়েছে।’

২০০৯ সালে রাজ্জাকের পরিচালনায় নির্মিত হয়েছিল ‘মন দিয়েছি তোমাকে’ ছবিটি। রাজ্জাক পরিচালিত প্রথম মুক্তিপ্রাপ্ত ছবিটির নাম ‘অনন্ত প্রেম’। ছবিটি মুক্তি পেয়েছিল ১৯৭৪ সালে।