অবশেষে রানীর বিয়ে

অবশেষে! কত হাজার দিস্তা কাগজ খরচ হলো। কত কিউসেক কলমের কালি। লিখতে লিখতে ক্ষয়ে গেল কি-বোর্ড। রানী মুখার্জি আর আদিত্য চোপড়ার বিয়ের গুঞ্জন নিয়ে কম নাটক তো আর হলো না। অবশেষে সেই নাটকের মধুরেণ সমাপয়েৎ। এবার আর কোনো গুঞ্জন নয়। সত্যি সত্যিই গত সোমবার ইতালিতে বিয়ের মালা বদল করেছেন রানী আর আদি।

বিয়ের পর এক বার্তায় রানী বলেছেন, ‘আমি আমার জীবনের সবচেয়ে সুখের মুহূর্তটি বিশ্বজুড়ে আমার ভক্তদের সঙ্গে ভাগাভাগি করে নিতে চাই, যাঁদের ভালোবাসা আর আশীর্বাদ সব সময়ই আমার সঙ্গে ছিল। আমি জানি, আমার শুভাকাঙ্ক্ষীরা, যাঁরা দীর্ঘদিন ধরে এই দিনটির অপেক্ষায় ছিলেন, তাঁরাও খুব খুশি হবেন। ইতালির এক সুন্দর গ্রামে অল্প কজন স্বজন-বন্ধুর উপস্থিতিতে আমাদের বিয়ে হয়েছে। আমি সব সময়ই রূপকথায় বিশ্বাস করেছি। ঈশ্বরের কৃপায় আমার জীবনও যেন একটা রূপকথা। এখন আমি আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে প্রবেশ করেছি, রূপকথা চলছেই।’
যে অল্প কজন অতিথি ছিলেন, এঁদের মধ্যে অবশ্যই আছে করন জোহরের নাম। রানীর প্রথম সুপারহিট ছবি কুছ কুছ হোতা হ্যায় পরিচালনা করেছেন করন। করন টুইট করেছেন, ‘অবশেষে! মিস্টার অ্যান্ড মিসেস চোপড়া, তোমাদের দুজনকেই ভালোবাসা।’ আদির ভাই উদয় চোপড়াও টুইট করে বলেছেন, ‘আমাদের পরিবারে রানীকে স্বাগতম।’
২০০৮ সাল থেকে রানী ও আদির প্রেম চলছিল। এর আগেও একবার বিয়ে করা আদি যশ চোপড়ার ছেলে। দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে-এর পরিচালকও। টিএনএন, এনডিটিভি।