অবশেষে সজল-মাহির 'হারজিৎ'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হারজিৎ​ ছবির দুই শিল্পী সজল ও মাহি
হারজিৎ​ ছবির দুই শিল্পী সজল ও মাহি

অবশেষে সজল-মাহির হারজিৎ​ ছবির শুটিং শুরু হচ্ছে। ১৬ আগস্ট ক্যামেরার সামনে একসঙ্গে দাঁড়াবেন তাঁরা। শুটিং হবে এফডিসিতে। তথ্যগুলো জানিয়েছেন হারজিৎ​ ছবির পরিচালক বদিউল আলম খোকন।

এই ছবির মাধ্যমে বিয়ে এবং বিয়ে-পরবর্তী সময় সিলেটে শ্বশুরবাড়িতে অবকাশ শেষে অভিনয়ে ফেরার বিষয়টি নিশ্চিত করেছেন মাহিয়া মাহি। বিয়ের আগে তাঁর হাতে ছিল দুটি ছবি। সজলের সঙ্গে হারজিৎ​, আর আরিফিন শুভর সঙ্গে ঢাকা অ্যাটাক।

এদিকে সজলও তাঁর দ্বিতীয় চলচ্চিত্র হারজিৎ​-এর জন্য পুরোপুরি তৈরি। নাচ ও অ্যাকশন দৃশ্যের জন্য ইতিমধ্যেই তিনি প্রশিক্ষণ নিয়েছেন।

নিউজেনের ব্যানারে নির্মিত এই ছবিতে আরও আছেন মৌসুমী, ওমর সানী ও মিশা সওদাগর। প্রযোজনা সূত্রে জানা গেছে, এফডিসি, উত্তরার বিভিন্ন লোকেশন ছাড়াও দেশের বাইরে মালয়েশিয়া ও ব্যাংককে ছবির শুটিং হবে।

প্রসঙ্গত, মাহির সর্বশেষ মুক্তিপ্রাপ্ত ছবিটি ছিল জাকির হোসেন রাজু পরিচালিত অনেক দামে কেনা। মাহির বিপরীতে ছিলেন বাপ্পী। এ বছরের ১৫ এপ্রিল ছবিটি মুক্তি পায়। অন্যদিকে সজলের প্রথম ছবি রানআউট মুক্তি পায় গত বছর। সজলের বিপরীতে ওই ছবিতে ছিলেন মৌসুমী নাগ। ছবিটি পরিচালনা করেছিলেন তন্ময় তানসেন।