অবশেষে সেন্সরে ‘হ্যালো অমিত’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দীর্ঘদিন পর অবশেষে সেন্সরে যাচ্ছে চলচ্চিত্র ‘হ্যালো অমিত’। আগামী ২৪ ডিসেম্বর সোমবার চলচ্চিত্রটি সেন্সর বোর্ডে জমা দেবেন বলে জানিয়েছেন ছবিটির পরিচালক শঙ্খ দাশগুপ্ত। সবকিছু ঠিক থাকলে ছবিটি মুক্তি পাবে ২০১৩ সালের ফেব্রুয়ারিতে। একজন চলচ্চিত্র নির্মাতার জীবনযুদ্ধের ঘটনাকে কেন্দ্র করে গড়ে উঠেছে ‘হ্যালো অমিত’ ছবির গল্প। ২০১০ সালের ১৫ সেপ্টেম্বর মহরত অনুষ্ঠানের মধ্য দিয়ে এর কাজ শুরু হয়েছিল। ঢাকাসহ দেশের বিভিন্ন লোকেশনে এর শুটিং হয়েছে। ছবিটির দৃশ্য ধারণের কাজ শেষ হয় ২০১১ সালের শেষের দিকে। ছবি মুক্তি দিতে দেরি হওয়ার কারণ সম্পর্কে পরিচালক শঙ্খ দাশগুপ্ত বলেন, ‘আমাদের দৃশ্য ধারণ পরবর্তী সময়টা বেশি লেগেছে। তা ছাড়া অর্থের প্রবাহ সব সময় অনুকূলে ছিল না। তবে সবকিছু গুছিয়ে এনেছি। সেন্সর বোর্ড থেকে ছাড়পত্র পেলে আগামী বছরের ফেব্রুয়ারি মাসে দর্শকদের সামনে নিয়ে আসব ছবিটি। সারাদেশে ছবিটি মুক্তি দেওয়ার ইচ্ছে আছে আমাদের। ছবি মুক্তির আগে নতুন বছরের শুরুতেই এর অডিও অ্যালবাম মুক্তি দেওয়া হবে।’ ‘হ্যালো অমিত’ ছবির প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন ছোট পর্দার দুই তারকা নওশীন ও হিল্লোল। চলচ্চিত্রে হিল্লোলের অভিষেক আগে ঘটলেও, এই ছবির মাধ্যমে নওশীনকে প্রথমবারের মতো বড় পর্দায় দেখা যাবে।