অবশেষে 'পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনি-২'

প্রায় দুই মাস পর গতকাল সোমবার দুপুরে সেন্সর বোর্ডের ছাড়পত্র পেয়েছে পূর্ণদৈর্ঘ্য প্রেমকাহিনি-২ ছবিটি। ছবির পরিচালক সাফি উদ্দীন এ তথ্য দিয়েছেন।
পরিচালক সাফি উদ্দীন এখন মিসডকল ছবির শুটিংয়ে সিলেটে আছেন। মুঠোফোনে তিনি বলেন, ‘ক্রিকেট নিয়ে এই ছবির গল্প। ছাড়পত্রের জন্য জমা দেওয়ার পর সেন্সর বোর্ড থেকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের দুজন সদস্যকে ছবিটি দেখার জন্য আমন্ত্রণ জানানো হয়। ক্রিকেট বোর্ডের সদস্যরা ছবিটি দেখে একটি দৃশ্য থেকে বোর্ডের লোগো অপসারণ এবং ক্রিকেট ব্যাট নিয়ে মারামারির দৃশ্যকে ভিন্নভাবে উপস্থাপনের পরামর্শ দেন। সেই অনুযায়ী দৃশ্য সংশোধনের পর ছবিটি পুনরায় জমা দেওয়া হয়।’
এই ছবিতে অভিনয় করেছেন শাকিব খান, জয়া আহসান, শহিদুল আলম সাচ্চু, ইমন, মৌসুমী হামিদ, ওমর সানী প্রমুখ।
এদিকে প্রযোজনা প্রতিষ্ঠান ফ্রেন্ডস মুভিজ ইন্টারন্যাশনাল থেকে বলা হয়েছে, ডায়মন্ড ওয়ার্ল্ড নিবেদিত ছবিটি পয়লা বৈশাখে মুক্তি দেওয়ার কথা আছে।