অবশেষে 'বন্ড' পরিচালনায় স্যাম মেন্ডেজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্যাম মেন্ডেজ
স্যাম মেন্ডেজ

অবশেষে ‘বন্ড’ সিরিজের ২৪তম ছবিটি পরিচালনা করতে সম্মত হলেন অস্কারজয়ী ব্রিটিশ নির্মাতা স্যাম মেন্ডেজ। সম্প্রতি বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন তিনি। ‘স্কাইফল’-এর আকাশছোঁয়া সাফল্যের পর আবারও স্যামের নির্দেশনায় ‘বন্ড’ চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন ব্রিটিশ অভিনেতা ড্যানিয়েল ক্রেইগ।
গত বছর মুক্তি পাওয়া ‘স্কাইফল’ ছবির দুর্দান্ত সাফল্যের পর ‘বন্ড’ সিরিজের পরবর্তী ছবির পরিচালক হিসেবেও স্যামকে পেতে চেয়েছিলেন প্রযোজকেরা। কিন্তু মঞ্চ ও অন্যান্য কাজ হাতে থাকায় প্রস্তাব ফিরিয়ে দেন স্যাম। তিনি প্রস্তাবে রাজি না হলেও তাঁকে ফিরে পেতে সব রকম চেষ্টা চালিয়ে যান ‘বন্ড’ প্রযোজকেরা। অবশেষে তাঁদের সেই চেষ্টা সফল হয়েছে। সম্প্রতি ছবিটি পরিচালনার জন্য সবুজ সংকেত দিয়েছেন স্যাম মেন্ডেজ। এক খবরে এ তথ্য জানিয়েছে ‘হলিউড রিপোর্টার’।
‘বন্ড’ সিরিজের ২৪তম ছবিটিও প্রযোজনা করছেন ইয়ন প্রোডাকশনসের বারবারা ব্রকোলি ও মাইকেল জি উইলসন। ছবিটি পরিচালনা প্রসঙ্গে স্যাম বলেন, ‘থিয়েটারের কাজ গুছিয়ে নেওয়ার জন্য আমাকে পর্যাপ্ত সময় দেওয়ায় বন্ড সিরিজের পরবর্তী ছবি পরিচালনায় ফিরতে পারলাম। এ জন্য বন্ড প্রযোজকদের প্রতি আমি খুবই সন্তুষ্ট।’

স্যাম আরও বলেন, ‘আবার বন্ড ছবির লাগাম হাতে নিলাম। দ্বিতীয়বারের মতো ড্যানিয়েল ক্রেইগ, বারবারা ব্রকোলি ও মাইকেল জি উইলসনের সঙ্গে কাজ করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি।’ 

‘বন্ড’ সিরিজের ২৪তম ছবিটির শিরোনাম এখন পর্যন্ত চূড়ান্ত হয়নি। এর চিত্রনাট্য লেখার দায়িত্ব পেয়েছেন জন লোগান। ছবিটি মুক্তি পাবে ২০১৫ সালে।