অবশ্যই কাজের মান ভালো হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুহাম্মদ মোস্তফা কামাল রাজ, নির্মাতা
মুহাম্মদ মোস্তফা কামাল রাজ, নির্মাতা

অনেক দিন পরে আবারও আমাদের সিনেমার দর্শক তৈরি হয়েছে। গেল ঈদুল ফিতরে সম্রাট ও শিকারির জন্য দর্শকের লাইন দেখেছি। ঈদুল আজহাতেও বসগিরির জন্য একই অবস্থা। এমনকি ঈদের পরেও দর্শকের সিনেমা দেখার আগ্রহ কমেনি। আমরা দেখেছি আয়নাবাজি নিয়ে দর্শকের উচ্ছ্বাস। এখন শুধু আমাদের এই ধারাবাহিকতাটা ধরে রাখতে হবে। দর্শক সিনেমা দেখতে চাচ্ছেন কিন্তু সেই পরিমাণ সিনেমা আমরা দিতে পারছি না। আমাদের আরও অনেক ভালো সিনেমা বানাতে হবে।
নাটকের কথা যদি বলি, নাটকের পরিমাণ বাড়ছে। বাড়ুক। কিন্তু দর্শকের চাহিদা পূরণ করতে পারছে খুবই কম নাটক। নাটকের দর্শক কিন্তু আগের চেয়ে বেড়েছে। আগে একটা বাসায় খুব বেশি হলে একটাই টিভি থাকত। এখন সবার রুমে রুমে টিভি। নাটকের দর্শক বাড়লেও সেই দর্শক আমাদের নাটক কম দেখছেন। তাঁরা অনেক বেশি দেখছেন বিদেশি চ্যানেলের নাটক।
এর কারণ কিন্তু একটাই যত্নের অভাব। একটা জিনিস খেয়াল করলে দেখা যাবে ঈদের সময়ে আমাদের নাটকের দর্শক বাড়ে। এর কারণ হলো ঈদে আমরা অনেক বেশি যত্ন নিয়ে নাটক বানাই। এই ধারাবাহিকতাটা সব সময় রাখতে হবে। আমাদের মিডিয়ার প্রধান সমস্যার কথা যদি বলি সেটা হলো, অন্যের ওপরে দোষ চাপানোর চেষ্টা। টিভি চ্যানেল দোষ দেয় বিজ্ঞাপন দাতার, অভিনয়শিল্পী দোষ দেয় পরিচালকের, এভাবে চলতেই থাকে। অন্যের দোষটা না খুঁজে আমাদের দেখতে হবে আমি কতটা ভালো করতে পারছি। নিজেরা কখনোই ভাবি না আর একটু ভালো কাজ করা যায় কীভাবে।

আমরা যদি প্রত্যেকে নিজের কাজটা সঠিকভাবে করতে পারি, তবে অবশ্যই কাজের মান ভালো হবে।