অবসকিওরের মাঝরাতে চাঁদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অবসকিওর ব্যান্ডের বর্তমান সদস্যরা হলেন টিপু (কণ্ঠ), রাজু (বেজ গিটার), শান্ত (গিটার), রিংকু (ড্রামস), রুবাইয়াত (গিটার) ও শাওন (কি-বোর্ড)। ছবি: আনন্দ
অবসকিওর ব্যান্ডের বর্তমান সদস্যরা হলেন টিপু (কণ্ঠ), রাজু (বেজ গিটার), শান্ত (গিটার), রিংকু (ড্রামস), রুবাইয়াত (গিটার) ও শাওন (কি-বোর্ড)। ছবি: আনন্দ

‘মাঝরাতে চাঁদ যদি আলো না বিলায়
ভেবে নেব আজ তুমি চাঁদ দেখোনি।’
গানটি মনে আছে। অবসকিওরের গাওয়া। প্রথম অ্যালবামের গান। ১৯৮৬ সালে এসেছিল অ্যালবামটি। দারুণ জনপ্রিয় হয়েছিল গানটি। ২৯ বছর পর আবার উঠে এসেছে ওই গানের প্রসঙ্গ। না, একই গান নয়। ওই গানের শিরোনাম নিয়ে নতুন অ্যালবামের নাম করেছে অবসকিওর। সম্প্রতি এসেছে অবসকিওরের নতুন অ্যালবাম। নাম মাঝরাতে চাঁদ। এনেছে অগ্নিবীণা। অ্যালবামটি উৎসর্গ করা হয়েছে গানটির গীতিকার এহসানুজ্জামানকে।
অ্যালবাম নিয়ে কথা হবে। বেইলি রোডের ড্রিম ডেস্ক স্টুডিওতে। নির্ধারিত সময়ে সেখানে চলে আসেন অবসকিওর ব্যান্ডের প্রধান সাঈদ হাসান টিপু। বললেন, ‘অ্যালবাম বের হলো। সামনে বেশ কিছু শো আছে। তাই টানা প্র্যাকটিস করছি।’
অ্যালবামটি বের হওয়ার পর কিছুটা সময় পেরিয়ে গেছে। তাই নতুন অ্যালবামের ব্যাপারে শ্রোতাদের আগ্রহ নিয়ে টিপু বলেন, ‘এখন তো সত্যিকারের চিত্রটা পাওয়া মুশকিল। তবে ফেসবুকসহ অন্যান্য মাধ্যম থেকে যা জানতে পেরেছি, তাতে খুব ধীরগতিতে চলছে। আমরা অডিও সিডির পাশাপাশি ডিজিটাল প্রযুক্তিও ব্যবহার করেছি। বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে অনেকেই গানগুলো ডাউনলোড করছে। যারা শুনেছে, তাদের অনেকের কাছ থেকেই ইতিবাচক মন্তব্য পেয়েছি।’
অ্যালবামের নাম মাঝরাতে চাঁদ কেন? টিপু বললেন, ‘কয়েক বছর বিরতির পর ফেরা অ্যালবাম দিয়ে আমরা আবার শুরু করেছি। ওই অ্যালবামটি উৎসর্গ করেছিলাম আমাদের গিটারিস্ট সুমনকে। ‘‘মাঝরাতে চাঁদ’’ গানটির গীতিকার এহসানুজ্জামান। ব্যান্ডের সবার সিদ্ধান্তেই আমরা নতুন অ্যালবামটি তাঁকে উৎসর্গ করেছি এবং অ্যালবামটির শিরোনামও করেছি।’
‘মাঝরাতে চাঁদ’ গানটি নিয়ে তিনি বলেন, ‘অবসকিওরের নাম এলে সবার আগে এই গানটির কথা আসবে। আমাদের প্রতিটি অ্যালবামের শিরোনাম গান থেকেই করেছি। এবারও এর ব্যতিক্রম হয়নি। নতুন অ্যালবামে কিন্তু ‘মাঝরাতে চাঁদ’ শিরোনামে একটা গান লিখেছি। এই গানকে আমরা প্রথমটির সিক্যুয়াল বলতে চাই। প্রথম অ্যালবামের গানটি ছিল খুবই রোমান্টিক মেজাজের। এবারের গান ঠিক তার উল্টো। মানে বিরহী ধাঁচের। আর গানটা মাঝরাতে চাঁদ অ্যালবামের শেষ ট্র্যাক।’
মাঝরাতে চাঁদ অ্যালবামে গান রয়েছে ১০টি। গানের কথা লিখেছেন সাঈদ হাসান টিপু, অমিত গোস্বামী, মোস্তফা মাহমুদ, শাওন মাহমুদ ও অমি রহমান।
টিপু বলেন, ‘এবারের অ্যালবামের গানগুলো ভিন্নভাবে সাজিয়েছি। প্রতিটি লেখায় যেমন আলাদা প্যারাগ্রাফ থাকে, আমাদের অ্যালবামে আলাদা ভাগ রয়েছে। একই মেজাজের গানগুলো একসঙ্গে রেখেছি। এই যেমন শেষের তিনটা দেশের গান।’