অবসরে অক্ষয়!
শুরুতে অ্যাকশন। অতঃপর রোমান্টিক। পরবর্তী সময়ে ড্রামা। সর্বশেষ কমেডি। সব ধরনের ছবিতে প্রায় দুই দশক ধরে নিজের যোগ্যতা প্রমাণ করে এবার সাময়িক অবসরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন অক্ষয় কুমার। কারণ? সফল অভিনেতা, প্রযোজক, প্রদর্শক অক্ষয় কুমার এবার অভিনয়ের ময়দান ছেড়ে খেলার ময়দানে নিজের ক্যারিশমা দেখাবেন। পাতিয়ালা হাউস ছবিটিই অক্ষয়ের এই গুরুতর সিদ্ধান্ত নেওয়ার পেছনে দায়ী। এ ছবিতে একজন বোলারের চরিত্রে অভিনয় করছেন আক্কি। প্রতিদিন ভোর চারটা থেকে শুরু হয় অক্ষয়ের ট্রেনিং। বলবিন্দর সিং সাধুর কাছে টানা ছয় মাস ধরে বোলিংয়ের প্রশিক্ষণ নিচ্ছেন তিনি। বলিউডের ‘খিলাড়ি’খ্যাত অক্ষয়ের এমনিতেই খেলাধুলার প্রতি ঝোঁক বেশি; বোলিংয়েও তাই নিজেকে সেরা প্রমাণের চেষ্টা করে যাচ্ছেন। অক্ষয়ের পারফরম্যান্স দেখে স্বয়ং কপিল দেব বলেছেন জাতীয় দলে খেলার কথা ভাবতে। এই একটি প্রশংসাই ‘কাল’ হয়েছে। অভিনেতা অক্ষয়ের এখন ধ্যান-জ্ঞান সবকিছু দখল করে নিয়েছে, কী করে জাতীয় পর্যায়ে ক্রিকেট খেলা যায়। অন্য তারকারা যেখানে ক্রিকেট দল কিনেই ক্ষান্ত হচ্ছেন, ‘খিলাড়ি’ অক্ষয় সেখানে ‘খেলোয়াড়’-এর বেশে সবাইকে চমক দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। যদিও অক্ষয়ের ভাষায়, ‘খেলাধুলায় নিজেকে প্রমাণ করে আবারও অভিনয়ের মাঠে ফিরে আসব। মৃত্যুর আগে অভিনয় ছেড়ে দেওয়ার কোনো সম্ভাবনা নেই।’অভিনয়ের জন্য জাতীয় পর্যায়ে ‘পদ্মশ্রী’ পদক জেতা অক্ষয় অবশ্য এখনো ছবি মুক্তির দিন দেশ ছেড়ে উধাও হয়ে যান। তাঁর কুসংস্কার, ‘ছবি মুক্তির সময় আমি দেশে থাকলে ছবি হিট হয় না।’ গত বছর অবশ্য অক্ষয়ের এই ফর্মুলা কাজে দেয়নি। এ প্রসঙ্গে অবশ্য অক্ষয়ের দৃষ্টিভঙ্গি অন্য রকম, ‘ভাগ্য ভালো, লোকে বুঝতে পেরেছে আমি “হিট মেশিন” নই। আমার টার্গেট প্রতি ছবিতে অ্যাভাটার-এর রেকর্ড ভাঙা নয়। প্রতিটি ছবিতে দর্শককে মনোরঞ্জন করাই আমার উদ্দেশ্য। তা ছাড়া আমি এখনো অত বড় সুপারস্টার হয়ে যাইনি যে আমার নামে ছবি চলবে।’অক্ষয়ের শাশুড়ি ডিম্পল কাপাডিয়া অবশ্য এক সাক্ষাৎকারে বলেছিলেন, কিশোর কুমারের কমিক অভিনয়ের সঙ্গে শুধু অক্ষয়েরই তুলনা চলে। অক্ষয় এখনো জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাননি, এটা রীতিমতো তাঁর সঙ্গে অন্যায় হয়েছে। বিনয়ের সুর কণ্ঠে ধরে রেখে অক্ষয় বলেন, ‘আমার শাশুড়ি ঠিক আমার মায়ের মতো। ভালোবাসা তাঁদের অন্ধ করেছে। আমি নিজেকে এখনো অতটা বড় মনে করি না। আমি আমার অবস্থান নিয়ে তৃপ্ত।’এত বিনয়ী একজন তারকা তাঁর সঙ্গেও তো ‘বিতর্ক’ যেন সন্ধি করেছে। প্রিয়াঙ্কা চোপড়ার সঙ্গে অভিনয় না করা, ফারাহ খান তাঁর বন্ধু শাহরুখ খানকে বাদ দিয়ে অক্ষয় কুমারের সঙ্গে ছবি করছেন—এ নিয়েও তুমুল বিতর্ক। সব বিতর্কে পানি ঢেলে অক্ষয় বলেন, ‘প্রিয়াঙ্কার সঙ্গে কেন ছবি করি না, ওকেই জিজ্ঞাসা করুন। বল কিন্তু ওর কোর্টে। সমস্যা হলো, আমি বেশির ভাগ কমেডি ছবি করি। আর ও তো ওই অর্থে কমেডি কাজ করে না। হয়তো এ কারণে আমাদের একসঙ্গে দেখা যায় না। ফারাহ-শাহরুখ প্রসঙ্গে এটুকু বলব, শাহরুখ অনেক সংগ্রাম করে বলিউডে নিজের রাজত্ব কায়েম করছে। কে কার সঙ্গে ছবি করল—এসব ব্যাপার ওর কাছে নিতান্তই তুচ্ছ। তা ছাড়া প্রিয়দর্শন আমার সঙ্গে অর্ধডজন ছবি করার পর শাহরুখের সঙ্গে বিল্লু করল। কই, তখন তো সেটা নিয়ে কথা হলো না। এখন এত কথা কেন?’ ফারাহ খানের তিস মার খান (ক্যাটরিনা) ছাড়াও অক্ষয়ের হাতে আছে বিপুল শাহের অ্যাকশন রিপ্লে (ঐশ্বরিয়া), নিখিল আদভানীর পাতিয়ালা হাউস (আনুশকা শর্মা), আনিস বাজমির থ্যাংক ইউ (সোনম), প্রিয়দর্শনের খাট্টা মিঠা (তৃষা), শবনম কাপুরের হ্যালো ইন্ডিয়া (নম্রতা)।এত ব্যস্ততার মধ্যে অক্ষয় সংসারের জন্য সময় বের করেন কী করে? ছেলের স্কুলের অনুষ্ঠানগুলো কি ‘মিস’ হয় না? ‘একদম না। আরাভের সব অনুষ্ঠানে আমি অংশ নিই। স্পোর্টস ডে, কারাতে প্রতিযোগিতা, শামক দাভারের নাচের শো, স্কুলের নাটক—সবকিছুতে। আমার বাবাও ছোটবেলায় আমাকে সব সময় সঙ্গ দিতেন। আমিও চাই আরাভের শৈশবের প্রতিটি মুহূর্তে পাশে থাকতে। ওর বেড়ে ওঠাটা আমি খুব উপভোগ করি।’ আর আর খানতথ্যসূত্র: ওয়েবসাইট