অবহেলার শিকার রাজধানীর দুটি নাট্যমঞ্চ
বেইলি রোডের নাটক সরণির মহিলা সমিতিতে গত ডিসেম্বরে ১৭টি দলের নাটক মঞ্চস্থ হয়েছে। এর মধ্যে বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনভুক্ত দলের সংখ্যা পাঁচটি। জানুয়ারি মাসের প্রথম ১৭ দিনে এখানে মঞ্চস্থ হয়েছে ছয়টি দলের নাটক। আর সূত্রাপুরের জহির রায়হান সাংস্কৃতিক মিলনায়তনে ডিসেম্বর মাসে মঞ্চস্থ হয়েছে নয়টি দলের নাটক। এই মঞ্চ চালু হওয়ার পর থেকে গড়ে প্রতি মাসে পাঁচটি নাটক মঞ্চস্থ হয়েছে।এদিকে বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন ও সম্মিলিত সাংস্কৃতিক জোট শর্ত দিয়েছে, বাংলাদেশ শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালায় নাটকের জন্য মাসে একবার হল বরাদ্দ পেতে জহির রায়হান সাংস্কৃতিক মিলনায়তনেও সংশ্লিষ্ট মাসে আরেকটি নাটক মঞ্চস্থ করতে হবে। গত বছরের নভেম্বর মাসে এই পদক্ষেপ নেওয়ার পর নাটকের দলগুলো জহির রায়হান সাংস্কৃতিক মিলনায়তনে নাটক মঞ্চায়নের ব্যাপারে আগ্রহী হচ্ছে, কিন্তু তা উল্লেখযোগ্য নয়।জহির রায়হান মিলনায়তনের ব্যাপারে নাটকের দলগুলোর সাধারণ অভিযোগ—অতিরিক্ত হল ভাড়া আর অপ্রতুল যোগাযোগব্যবস্থা।বাংলাদেশ মহিলা সমিতির সাধারণ সম্পাদিকা তানিয়া বাখ্ত বলেন, ‘এখানে নাটক প্রদর্শনীর বড় সমস্যা হলো বিদ্যুতের সংকট। প্রতিদিন নাটক শুরু হওয়ার পর বিদ্যুৎ চলে যায়। ফলে গরমের সময় শীতাতপ নিয়ন্ত্রণব্যবস্থা বিকল হয়ে যায়। এসব কারণে নাটক প্রদর্শন করার ক্ষেত্রে দলগুলোর আগ্রহ কমে যায়।’নতুন মিলনায়তন নির্মাণ প্রসঙ্গে তানিয়া বাখ্ত বলেন, ‘আধুনিক মানের ৩০০ আসনের একটি মিলনায়তন নির্মাণের ব্যাপারটি এখন প্রক্রিয়াধীন। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের নিজস্ব অর্থায়নে এই ভবন ও মিলনায়তন নির্মিত হবে। আশা করছি, ফেব্রুয়ারি মাস নাগাদ এই ভবনের নির্মাণকাজ শুরু হবে।’ এই দুটো মঞ্চের মন্দাবস্থা নিয়ে বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সাধারণ সম্পাদক ঝুনা চৌধুরী বলেন, ‘মহিলা সমিতি মঞ্চের বড় সংকট হলো বিদ্যুৎ। আরও একটি সমস্যা—সামনের একমুখী রাস্তা। ফলে দর্শক নানা দিক দিয়ে ঘুরে এই মঞ্চে নাটক দেখতে আসে। বিদ্যুৎ চলে গেলে দর্শকেরা টিকিটের টাকা ফেরত চায়। আর জহির রায়হান মিলনায়তনটি শিগগিরই চাঙা হবে। আমরা নীতিমালা তৈরি করেছি। এখন বাধ্যতামূলকভাবে দলগুলোকে ওখানে নাটকের প্রদর্শনী করতে হবে।’