অব্যবস্থাপনায় মোড়া ‘ত্রিদেশীয় বিগ শো’
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় অনুষ্ঠিত হয় ‘ত্রিদেশীয় বিগ শো’। বাংলাদেশ, ভারত ও শ্রীলঙ্কার শিল্পীরা অংশ নেন এ অনুষ্ঠানে। বিশ্বকাপ ক্রিকেট উপলক্ষে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষে কনসার্টটি আয়োজন করেছে এটিএন ইভেন্টস। কথা ছিল অনুষ্ঠান শুরু হবে বিকেল সাড়ে চারটায়। কিন্তু বিকেল চারটা গড়িয়ে সন্ধ্যা হয়ে গেল, তার পরও অনুষ্ঠান শুরুর কোনো নাম নেই। অনুষ্ঠানজুড়ে ছিল নানা অনিয়ম-অব্যবস্থাপনা। তার পরও সবকিছুর পর প্রিয় তারকাদের সরাসরি চোখের সামনে দেখে যেন সব কষ্ট ভুলে অনুষ্ঠান উপভোগ করেছেন অনেকেই।শুরুতেই অব্যবস্থাপনা: ত্রিদেশীয় বিগ শো অনুষ্ঠানের শুরুটাই ছিল বিরক্তিকর। প্রচার-প্রচারণা এবং গণমাধ্যমে ঘোষণার মধ্য দিয়ে আগে থেকেই জানিয়ে দেওয়া হয়েছিল অনুষ্ঠান শুরু হবে বিকেল সাড়ে চারটায়। তাই দুপুর থেকেই স্টেডিয়াম এলাকায় ভিড় করতে থাকে সবাই। একটা সময় অপেক্ষা করতে করতে সবার মধ্যে বিরক্তির উদ্রেক হতে থাকে। এ সময় আয়োজকেরা জানান অনুষ্ঠান শুরু হবে বিকেল সাড়ে পাঁচটায়। কিন্তু ঘড়ির কাঁটা সাড়ে পাঁচটা পার হয়ে ছয়টা ছুঁলেও অনুষ্ঠান শুরু করা যায়নি। অবশেষে অনুষ্ঠান শুরু হয় নির্ধারিত সময়ের প্রায় তিন ঘণ্টা পর। আসন ব্যবস্থাপনায় অনিয়ম: বঙ্গবন্ধু অনুষ্ঠানে ত্রিদেশীয় বিগ শো অনুষ্ঠানের মঞ্চ করা হয় উত্তরমুখী করে। মঞ্চের ঠিক সামনের জায়গাটা খালি রাখা হয় নিরাপত্তার কারণে। সামান্য দূরত্ব বজায় রেখে সামনের সোফা গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের জন্য বরাদ্দ রাখা হয়। ঠিক পেছনের জায়গাটা বরাদ্দ রাখা হয় যাঁরা উচ্চমূল্যে অনুষ্ঠানের টিকিট কিনেছেন তাঁদের জন্য। মঞ্চের বাম দিকে বাঁশের সীমানা দিয়ে গণমাধ্যমগুলোর জন্য আসন ঠিক করা হয়, যেখান থেকে মূল মঞ্চ দেখতে সবাইকে বেগ পেতে হয়েছে। এমনকি ফটোসাংবাদিকদের মূল মঞ্চের সামনের দিকে যেতে বারণ করা হয়। কিন্তু ফটোসাংবাদিকেরা অভিযোগ করে বলেন, ‘আমাদের যদি এত দূরে বসতে হয়, তাহলে ছবি তুলব কী করে? এমন প্রশ্নের জবাবে এটিএন ইভেন্টসের উচ্চপর্যায়ের এক কর্মকর্তা বলেন, ‘এটায় আমাদের কিছুই করার নেই। আমরা কিছু করতেও পারব না। প্রোগ্রামের পুরোটা ডিজাইন করেছেন বাইরে থেকে আসা লোকজন। তাঁরা যেভাবেই আমাদের বলেছেন, সেভাবেই করতে হবে। সুতরাং আপনারা আপনাদের নির্ধারিত আসনে গিয়ে বসে পড়েন।’ গণমাধ্যমের লোকজন তাঁদের ধৈর্যের পরীক্ষা দিলেও একটা সময় স্বেচ্ছাসেবক বাহিনীর স্বেচ্ছাচারিতা এবং স্বজনপ্রীতির কারণে কর্তৃপক্ষের এমন নীতিবাক্য আর ঠিক থাকেনি। বাংলাদেশের নাম্বার ওয়ান নায়ক শাকিব খান যখন তাঁর পারফর্ম শুরু করেন, তখন মঞ্চের একেবারেই সামনে অনুষ্ঠান কর্তৃপক্ষের পছন্দের লোকজনকে নিয়ে তাঁরা সেখানে বসিয়ে দেন। মুহূর্তেই সেখানকার পুরো জায়গা কানায় কানায় পূর্ণ হয়ে যায়। তিল পরিমাণ ঠাঁই পর্যন্ত ছিল না হাঁটার। একটা পর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লোকজনকে লাঠিপেটা পর্যন্ত করতে হয়েছে। কিন্তু কে শোনে কার কথা। রক্ষক যদি ভক্ষক হয়, তাহলে তো কিছুই করার থাকে না। শেষ পর্যন্ত সেটাই প্রমাণিত হল। বিরক্তিকর সাউন্ড সিস্টেম : অনুষ্ঠানের আয়োজক কর্তৃপক্ষ এটিএন ইভেন্টসের পরিচালক কৌশিক হোসেন তাপস অনুষ্ঠানের একপর্যায়ে মঞ্চে এসে টেকনিক্যাল টিমের প্রশংসা করেন। তিনি বলেন, অনুষ্ঠানের পুরো সিস্টেম আনা হয়েছে দেশের বাইরে থেকে। অথচ অনুষ্ঠানজুড়ে বিরক্তিকর সাউন্ড সিস্টেমের কারণে স্টেডিয়াম ভর্তি দর্শক ঠিকমতো অনুষ্ঠান উপভোগ করতে পারেননি। শুধু অনুষ্ঠানস্থলে নয়, টেলিভিশনের পর্দায় যাঁরা অনুষ্ঠান উপভোগ করেছেন, তাঁরাও অনুষ্ঠানটি নিয়ে বিরক্তি প্রকাশ করেছেন। লাখ টাকার টিকিট নিয়ে দাঁড়িয়ে: মূল মঞ্চের ডান দিকে যেতেই দেখা হয় পরিচিত একজন ব্যবসায়ীর সঙ্গে। তিনিও এসেছেন অনুষ্ঠান দেখতে। কিন্তু চেহারায় রয়েছে রাজ্যের সব বিরক্তি। জিজ্ঞেস করতেই তিনি বলেন, ‘ভাই দুই লাখ টাকার টিকিট নিয়ে অনুষ্ঠান দেখতে এসেছি। কিন্তু বসার জন্য একটি আসনও নেই।’ সিট না পেয়ে বাধ্য হয়ে মঞ্চের ডানদিকে ক্রেনের পাশে দাঁড়িয়েই অনুষ্ঠান দেখতে হয়েছে তাঁকে। এ রকম আরও অসংখ্য দর্শককে উচ্চমূল্যে টিকিট কিনে কাঙ্ক্ষিত আসন না পেয়ে দাঁড়িয়ে অনুষ্ঠান উপভোগ করতে হয়েছে। আবার আনেককে দেখা গেছে দুই হাজার টাকার গ্যালারির টিকিট কিনে ভিআইপির আসনে বসে অনুষ্ঠান দেখতে। এ ছাড়াও আরও নানা অনিয়ম-অব্যবস্থাপনার মধ্য দিয়ে কেটেছে পুরো অনুষ্ঠান। তবে সবকিছু যেন নিমিষেই ম্লান হয়ে গেল প্রিয় তারকাদের সামনাসামনি একনজর দেখতে পেরে। এ ছাড়া মনোমুগ্ধকর পারফরম্যান্স নিয়ে অনেকটা তৃপ্তি নিয়ে ঘরে ফিরেছেন মাঠভর্তি দর্শক। অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে আতশবাজির অসাধারণ খেলায় মেতে ওঠে স্টেডিয়ামের পুরো দর্শক। আতশবাজির ঝলকানিতে পুরো স্টেডিয়াম এলাকা প্রকম্পিত হতে থাকে। একদিকে আতশবাজির খেলা, আর অন্যদিকে আরফিন রুমির সুর ও সংগীতে দুরবীন ব্যান্ডের গাওয়া ‘জ্বলে ওঠো বাংলাদেশ, গর্জে ওঠো বাংলাদেশ’—এর সঙ্গে মেতে ওঠে পুরো স্টেডিয়াম।