অভাবে প্রেমপত্র বেচছেন মিক জ্যাগারের প্রেমিকা!
সংবাদমাধ্যম আর ভক্তদের কল্যাণে মুখে মুখে ফেরে তারকাদের প্রেম। আর বিষয়টি যদি হয় তারকাদের প্রেমপত্র, তাহলে যে এর প্রতি ভক্তকুলের দুর্নিবার আকর্ষণ থাকবে, তা সহজেই অনুমেয়। সম্প্রতি এক খবরে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, রোলিং স্টোন তারকা মিক জ্যাগারের প্রেমিকা মার্কিন গায়িকা মার্শা হান্ট তাঁকে লেখা মিক জ্যাগারের কয়েকটি প্রেমপত্র বিক্রির জন্য নিলামে তুলছেন।নিলামে প্রেমপত্র বিক্রি প্রসঙ্গে মার্শা জানিয়েছেন, তাঁকে লেখা মিকের বেশ কটি প্রেমপত্র আগামী ডিসেম্বরে নিলামে তুলবেন তিনি। মিক জ্যাগারের সঙ্গে হান্টের প্রেমের বিষয়টি ১৯৭২ সালের আগপর্যন্ত সবার অগোচরেই ছিল। বর্তমানে ফ্রান্সে বসবাসরত মিক জ্যাগারের প্রেমিকা ও তাঁর প্রথম সন্তানের গর্ভধারিণী মার্শা যুক্তরাজ্যের ‘গার্ডিয়ান’ পত্রিকাকে জানিয়েছেন, তিনি ভেঙে পড়েছেন। পাওনা মেটাতেই তাঁকে বাধ্য হয়ে মিকের ১০টি প্রেমপত্র নিলামে বিক্রি করতে হচ্ছে। হান্ট আরও জানান, এই প্রেমপত্রগুলো বিক্রি করাটা এখন খুব জরুরি। তিনি আশা করছেন, কেউ একজন চিঠিগুলো কিনবেন। মিক জ্যাগারের ‘ব্রাউন সুগার’ গানের অনুপ্রেরণাদাত্রী ছিলেন তিনি, ‘গার্ডিয়ান’ পত্রিকাকে কথা প্রসঙ্গে জানিয়েছেন মার্শা।মিক জ্যাগার এ চিঠিগুলো তাঁর প্রেমিকা হান্টকে লিখেছিলেন ১৯৬৯ সালের জুলাই-আগস্ট মাসে।এদিকে নিলামকারী প্রতিষ্ঠানের বরাতে জানা গেছে, ১০টি প্রেমপত্র নিদেনপক্ষে ৭০ হাজার থেকে এক লাখ পাউন্ডে বিকোবে।একসময় প্রেমের মায়ায় মার্শা হান্টের কাছে লেখা এসব প্রেমপত্রে মিক জ্যাগার উদ্ধৃত করেছিলেন এমিলি ডিকিনসনের কবিতা; ভালোবাসায় ভেসে যেতে যেতে লিখেছিলেন ব্যক্তিগত মনোযাতনার পয়ার। আজ সেসব প্রেমপত্র নিলামে উঠছে নিছক ক্ষুন্নিবৃত্তিতে ক্লান্ত তাঁর একদা প্রেমিকার দেনা শুধতে!