অভিনন্দিত হলেন কনকচাঁপা চাকমা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঘুরেফিরে কৃষ্ণচূড়াগাছটির কথাই বলছিলেন সবাই। চিত্রশিল্পীরা একত্র হয়েছিলেন জাতীয় পুরস্কার পাওয়া শিল্পী কনকচাঁপা চাকমাকে অভিনন্দন জানাতে। জোনাকির আলো ছবির পোশাক ও সাজসজ্জার জন্য ২০১৪ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন তিনি। গত মার্চে কৃষ্ণচূড়াগাছটি ধসে না পড়লে এই ছবির পরিচালক, শিল্পীর স্বামী প্রয়াত খালিদ মাহমুদ মিঠুও উপস্থিত থাকতেন সেখানে।
গতকাল বুধবার সন্ধ্যায় শিল্পী কনকচাঁপা চাকমাকে সংবর্ধনা জানানোর আয়োজন করেছিল ধানমন্ডির গ্যালারি টুয়েন্টিওয়ান। প্রধান অতিথি হয়ে এসেছিলেন শিল্পী মুস্তাফা মনোয়ার। বিশেষ অতিথি ছিলেন পিআইবির মহাপরিচালক শাহ আলমগীর। এ ছাড়া এসেছিলেন ঢাকার চিত্রশিল্পীরা। চলচ্চিত্রে অভিনয়শিল্পীদের পোশাককে নান্দনিক করে তোলার স্বীকৃতির আনন্দ ভাগাভাগি করতেই ছবিভর্তি গ্যালারিতে এই আয়োজন। সেখানে উপস্থিত সবাই কনকচাঁপাকে মনে করিয়ে দিয়েছেন তিনি একা নন। শিল্পী মুস্তাফা মনোয়ার বলেন, ‘ডিজাইনের ব্যাপারে স্বামী-স্ত্রীর একমত হওয়াটা খুবই মুশকিল। কিন্তু মিঠু ও কনকের ক্ষেত্রে সেটা হয়েছে। কনক নান্দনিকতা ও সংযোগ বোধে পরিপূর্ণ। শিল্পীদের একা হতে হয় কিন্তু একাকিত্ব মানেই শূন্যতা নয়। একাকিত্ব শিল্পীর বিকাশের জন্য জরুরি।’
কনকচাঁপা চাকমা বলেন, ‘যাঁরা সব সময় আমাদের সঙ্গে ছিলেন এবং এখনো আছেন তাঁদের সবার কাছে আমি কৃতজ্ঞ। আজ মিঠু থাকলে এই স্বীকৃতিতে সে-ও খুব খুশি হতো।’
এই আয়োজনে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ডিন নিসার হোসেন, শিল্পী আবুল বারক আলভী, মনিরুল ইসলাম, মুনিরুজ্জামান, গ্যালারি টুয়েন্টিওয়ানের নির্বাহী পরিচালক শিল্পী শামীম সুব্রানা প্রমুখ।