অভিনয়ে ইচ্ছা পূরণ
অভিনেতা হাসান মাসুদের ছবি তোলার বেশ আগ্রহ রয়েছে। এটা তাঁর সহকর্মীদের সবাই জানেন। এবার টেলিভিশনের দর্শকদেরও সেটা জানানোর ব্যবস্থা করলেন পরিচালক শাফায়েত মনসুর রানা। আগ্রহের বিষয়টাই টিভি পর্দায় প্রতিপলিত হলো। এর মাধ্যমে হাসান মাসুদের একরকম ইচ্ছা পূরণ হলো।ক্লিক ক্লিক নামের একটি ঈদের নাটকে আলোকচিত্রীর ভূমিকায় দেখা যাবে। শাফায়েত মনসুর রানার রচনা ও পরিচালনায় ক্লিক ক্লিক নামের নাটকটিতে শখের চরিত্রে অভিনয় করতে পেরে বেশ খুশিও তিনি।সম্প্রতি নাটকটির শুটিং শুরু হয়েছে। আলোকচিত্রীর ভূমিকায় অভিনয় প্রসঙ্গে হাসান মাসুদ বলেন, ‘বাস্তব জীবনে ছবি তোলার প্রতি আমার প্রচণ্ড আগ্রহ রয়েছে। আমি যেখানেই যাই না কেন, ক্যামেরা আমার নিত্যসঙ্গী। চোখের সামনে যা কিছুই সুন্দর দেখতে পাই সেটাই ক্যামেরাবন্দী করে নিই।’‘এবার বাস্তব জীবনের সে আগ্রহটার প্রতিফলন নাটকেও করার সুযোগ পেলাম। তা ছাড়া এর আগে কোনো নাটকের প্রতিটি দৃশ্যে অভিনয় করিনি। এবারই প্রথম কোনো নাটকের সব কটি দৃশ্যে অভিনয় করলাম। তাই খুব ভালোও লাগছে।’ আলোকচিত্রী হিসেবে নাটকটিতে আরও অভিনয় করেছেন লিটু আনাম ও সুমাইয়া শিমু।