অভিনয়ে কুমার বিশ্বজিতের ছেলে নিবিড়

অভিনয়ে নাম লেখাল গায়ক কুমার বিশ্বজিৎয়ের ছেলে কুমার নিবিড়। ছবির নাম ‘সুতপার ঠিকানা’। পরিচালক প্রসুন রহমান। ছবিতে সুতপার ছেলের চরিত্রে দেখা যাবে নিবিড়কে।
ছেলের অভিনয়কে ইতিবাচকভাবেই দেখছেন কুমার বিশ্বজিৎ। বললেন, ‘নিবিড়ের পর্যবেক্ষণ ক্ষমতা আমাকে মুগ্ধ করেছে। যে কাউকে সে অনুকরণ করতে পারে। কয়েক বছর আগে সে আমার একটি গানের মডেল হয়েছিল। এবার নিজ আগ্রহেই অভিনয় করছে। ‘‘সুতপার ঠিকানা’’ ছবিতে নিজের চরিত্র সম্পর্কে জেনেই অভিনয়ে আগ্রহী হয়েছে সে। একজন মা ও তাঁর ছেলের জীবনের যুদ্ধকে ফুটিয়ে তোলা হয়েছে ছবিটির কাহিনিতে। নিজের ছেলে বলে বলছি না, আসলে অভিনয়ের চেয়ে সংগীতের দিকেই ওর ঝোঁক বেশি।’
১২ বছর বয়সী কুমার নিবিড় আমেরিকান ইন্টারন্যাশনাল স্কুলে পড়াশোনা করছে। পড়াশোনার পাশাপাশি নিবিড় পিয়ানো বাজানোও শিখছে। একই সঙ্গে বাবার সঙ্গে স্টুডিওতে কাজ করে সে।
কাল সোমবার থেকে মানিকগঞ্জের নবগ্রামে ‘সুতপার ঠিকানা’ ছবির শুটিং শুরু হচ্ছে।