অভিনয়ে ক্লোজআপের মেহরাব

ক্লোজআপ ওয়ান তোমাকেই খুঁজছে বাংলাদেশ’ প্রতিযোগিতার প্রথম আসরের প্রতিযোগী মেহরাব এবার অভিনয়ে নাম লেখালেন। দাউদ হোসাইন রনির লেখা ও পার্থ সরকার পরিচালিত ঈদের বিশেষ টেলিছবি ‘স্বপ্ন স্বপ্ন খেলা’তে অভিনয় করছেন মেহরাব।
টেলিছবিতে মেহরাবের সহশিল্পী তিশা। অভিনয় করতে কেমন লেগেছে জানতে চাইলে মেহরাব বলেন, ‘এ এক আশ্চর্য অভিজ্ঞতাই বলতে পারেন। হঠাত্ করেই পরিচালক শুটিংয়ের আগের দিন আমাকে অভিনয়ের প্রস্তাব করেন। প্রথমে খুবই ভয় পেয়েছিলাম, রাতে ঘুমাতে পারিনি। সারা রাত ছটফট করেছি। কিন্তু শুটিং করতে গিয়ে দেখলাম, বেশ মজা। টেলিছবিটির পরিচালক আমাকে দিয়ে অভিনয় করিয়ে নিয়েছেন। কীভাবে কী করেছি, তা ঠিক বলতে পারব না। একটা ঘোরের মধ্যে ছিলাম।’
আর তিশার সঙ্গে অভিনয় করতে কেমন লাগল? মেহরাব বলেন, ‘তিশা আমার সহশিল্পী শুনে আরও বেশি ভয় পেয়ে গিয়েছিলাম। উনি অনেক বড় তারকা। ভাবলাম, আমার মতো নতুনকে উনি কীভাবে নেন। কিন্তু তিশা প্রচণ্ড সহযোগিতা করেছেন। আমি রীতিমতো মুগ্ধ।’ বলছিলেন মেহরাব।
জানা গেছে, মেহরাবের অংশের দুই দিন শুটিং হয়ে গেলেও টেলিছবিটির আরও বেশ কিছু অংশের কাজ এখনো বাকি। পরিচালক বললেন, ‘এই টেলিছবিতে আরও কিছু চমক আছে। সেগুলো শুটিং শেষ হওয়ার আগে বলতে চাইছি না।’
টেলিছবিটি আগামী ঈদে এসএ টিভিতে প্রচারিত হবে বলে জানা গেছে।
২০১০ সালে প্রযোজনা প্রতিষ্ঠান গানচিলের ব্যানারে প্রকাশিত হয়েছিল মেহরাবের প্রথম একক গানের অ্যালবাম ‘সাইরেন’। বর্তমানে প্রকাশের অপেক্ষায় আছে দ্বিতীয় একক অ্যালবাম। নাম ‘কাঁচা রোদের আলো’।