অভিনয়ে ফিরলেন সংগীতশিল্পী পার্থ বড়ুয়া

ক্লোজআপ ওয়ান তোমাকেই খুঁজছে বাংলাদেশ প্রতিযোগিতার কাজের ব্যস্ততা শেষে আবারও অভিনয়ে ফিরলেন সংগীতশিল্পী পার্থ বড়ুয়া।
ইমরাউল রাফাতের পরিচালনায় ‘ভয়ংকর সুন্দর’ নামের টেলিছবিটিতে কাজ করার মধ্য দিয়ে আবারও অভিনয়ে ফিরলেন পার্থ বড়ুয়া। এরই মধ্যে রাজধানীর নাখালপাড়া ও ময়নারটেক এলাকায় টেলিছবিটির শুটিং করা হয়েছে। ভয়ংকর সুন্দর টেলিছবিটিতে পার্থ বড়ুয়াকে একজন সন্ত্রাসীর ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে।
ভয়ংকর সুন্দর টেলিছবির গল্পে এক যৌনকর্মী প্রেমে পড়েন পার্থ বড়ুয়া। এই মেয়ের চরিত্রে অভিনয় করছেন তিশা। থাকছে দুর্নীতিগ্রস্ত একজন পুলিশ কর্মকর্তার চরিত্রও। এতে অভিনয় করছেন ইরেশ যাকের।
টেলিভিশনে প্রচারিত পার্থ বড়ুয়া অভিনীত সর্বশেষ নাটকটি ছিল ‘মেড ইন চিটাগাং : এ জার্নি অব ম্যারেজ’। এরপর এ বছরের ফেব্রুয়ারিতে পার্থ বড়ুয়া অভিনয় করেছিলেন মেড ইন চিটাগাং সিরিজের চতুর্থ কিস্তি লাভ ইন চিটাগাং নাটকে। এটি আগামী ১২ জুন জিটিভির বর্ষপূর্তিতে প্রচারিত হবে।
ভয়ংকর সুন্দর টেলিছবিটি আগামী রোজার ঈদে প্রচারের জন্য নির্মিত হয়েছে।
ভয়ংকর সুন্দর’ টেলিছবিটি ছাড়াও এবারের ঈদে আশফাক নিপুণের পরিচালনায় একটি নাটকেও অভিনয় করার কথা রয়েছে পার্থ বড়ুয়ার।