অভিনয়ে বিরতি নিচ্ছেন অস্কারজয়ী ডে লুইস
অভিনয়ে বিরতি নিচ্ছেন এবারের অস্কারজয়ী ডে লুইস। স্টিভেন স্পিলবার্গের ‘লিংকন’ ছবির নামভূমিকায় অনবদ্য অভিনয়ের জন্য এ বছর সেরা অভিনেতার অস্কার পেয়েছেন ড্যানিয়েল ডে লুইস। এ নিয়ে মোট তিনটি অস্কার পেয়ে ইতিহাস গড়া ড্যানিয়েল আপাতত নতুন কোনো ছবিতে অভিনয় করবেন না বলেই জানিয়েছেন।অভিনয়ে বিরতি টানার সিদ্ধান্তের পেছনের কারণ সম্পর্কে ড্যানিয়েল জানিয়েছেন, ‘লিংকন’ ছবিতে যে ধরনের অভিনয় নৈপুণ্য তিনি দেখিয়েছেন, ভবিষ্যতে তা ছাপিয়ে যেতে না পারার শঙ্কা থেকেই তাঁর এ সিদ্ধান্ত। সম্প্রতি এক খবরে এ তথ্য দিয়েছে যুক্তরাজ্যের ‘দ্য ডেইলি স্টার’।বছর খানেক আগে ‘লিংকন’ ছবির শুটিং শেষ করেছিলেন ড্যানিয়েল। এরপর আর নতুন কোনো ছবির কাজ তিনি হাতে নেননি। তাঁর কাছে আসা প্রতিটি প্রস্তাবই ফিরিয়ে দিয়েছেন। তিনি জানিয়েছেন, ‘এই মুহূর্তে আমার হাতে কোনো ছবির কাজ নেই। লিংকন চরিত্রটি করার পর আমি ভেবেই পাচ্ছি না এর পর কী ধরনের চরিত্রে আমার অভিনয় করা উচিত।’ড্যানিয়েল আরও বলেন, ‘সত্যি বলতে কি, আগামীতে কী ধরনের ছবির কাজ হাতে নেব তা নিয়ে চিন্তা-ভাবনার পেছনে সময় ব্যয় করতে মোটেও ইচ্ছে হচ্ছে না।’