অভিনয়ে ‘ক্লোজআপ ওয়ান’ তারকা রাশেদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০০৫ সালে ‘ক্লোজআপ ওয়ান তোমাকেই খুঁজছে বাংলাদেশ’ প্রতিযোগিতার প্রথম আসরে ‘মা’ শিরোনামের একটি গান গেয়ে বাংলাদেশের অনেক দর্শক-শ্রোতারই চোখ ভিজিয়েছিলেন রাশেদ। সেই ক্লোজআপ ওয়ান তারকা রাশেদ এবার অভিনয়ে নাম লেখালেন। নাটকে তাঁকে একজন সংগীতশিল্পীর ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে। রাজীব মনি দাস পরিচালিত নাটকটির নাম হচ্ছে প্রডিউস। গত শনিবার সাভারে নাটকটির শুটিংয়ে অংশ নেন তিনি। নাটকে অভিনয় প্রসঙ্গে রাশেদ বলেন, ‘গানের ভিডিওতে অংশ নেওয়ার ফলে অভিনয়ের বিষয়টির সঙ্গে কিছুটা হলেও পরিচিত ছিলাম। সত্যিকার অর্থে অভিনয় করব এমনটা কখনোই ভাবিনি। তবে মনে মনে ইচ্ছে ছিল নাটকে অভিনয়ের। অবশেষে ইচ্ছেটিকে বাস্তবে রূপ দিতে পেরে ভালোই লাগছে বলতে পারেন।’ প্রথম অভিনয়ের অভিজ্ঞতার বর্ণনা দিতে গিয়ে রাশেদ বলেন, নাটকটির পরিচালক আমার বন্ধুর মতো। প্রথমদিকে সংলাপ বলতে গিয়ে কিছুটা নার্ভাস লাগলেও সিদ্দিক ভাই (সিদ্দিকুর রহমান) এবং পরিচালকের কারণে পরবর্তী সময়ে সেটা স্বাভাবিক হয়ে গেছে। রাশেদ আরও বলেন, ‘অভিনয়ের প্রতি আমার এক ধরনের দুর্বলতা রয়েছে। তা ছাড়া কয়েক দিন ধরেই আমার কাছে নাটকের প্রস্তাব আসছিল। গল্প পছন্দ না হওয়ায় সেগুলোয় কাজ করা হয়নি। ইচ্ছে আছে ভালো গল্প হলে নাটকে নিয়মিত হওয়ার।’