অভিনেতা থেকে গায়ক সিদ্দিক!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিদ্দিক
সিদ্দিক

ছিলেন ক্যামেরার পেছনের মানুষ। এর পর অভিনয়ে, নাটকের পর চলচ্চিত্রেও। এবার এই অভিনয়শিল্পী গেয়েছেন গান। তাও আবার নাটকের টাইটেল গান! গত বৃহস্পতিবার রাজধানীর মগবাজারের একটি স্টুডিওতে নাটকটির টাইটেল গানে কণ্ঠ দেন সিদ্দিক। ঈদের জন্য নির্মিত এ নাটকটির নাম ‘সিদ্দিক নাম্বার ওয়ান’। তাজু-কামরুলের পরিচালনায় নির্মিত নাটকটির টাইটেল গানের কথা লিখেছেন এজানুর রহমান।
এ প্রসঙ্গে সিদ্দিক বলেন, ‘আমার গান গাওয়ার ব্যাপারটিকে একরকম দুঃসাহসই বলা যায়। প্রথমে অনেক সহজ ভেবেছিলাম। কিন্তু রেকর্ডিং স্টুডিওতে যাওয়ার পর টের পেলাম, গান গাওয়া মোটেও সহজ কাজ নয়। এমনিতে নাটকে অভিনয়ের বিভিন্ন সময় গান গাওয়া হয়েছে; তবে এবারই প্রথম নাটকের গানে কণ্ঠ দিলাম। এ এক অন্যরকম অভিজ্ঞতা।’
গান গাওয়ার পাশাপাশি নাটকটির প্রধান চরিত্রে অভিনয়ও করছেন সিদ্দিক।

সিদ্দিক বর্তমানে রয়েছেন কক্সবাজারে। সেখানে তিনি মোহন খান পরিচালিত একটি কমেডি নাটকে অভিনয় করছেন। নাটকটির কাজ শেষে আজ রোববার রাতেই ঢাকায় ফিরবেন সিদ্দিক। ঈদের চারটি নাটক পরিচালনা করবেন বলেও জানান তিনি। এ চারটি নাটক হচ্ছে ‘শীষ’, ‘মেড ইন ফরেন’, ‘ইচ্ছেঘুড়ি’, ‘সর্প’ ও ‘ভালোবাসা’।

উল্লেখ্য, ২০০০ সালে তারিক আনাম খানের সঙ্গে ক্যামেরার পেছনে সহকারী হিসেবে কাজ শুরু করেন সিদ্দিক। এরপর একটি প্রযোজনা প্রতিষ্ঠানে অনুষ্ঠান পরিকল্পনাকারী হিসেবে যোগ দেন। ২০০৬ সালে দীপঙ্কর দীপনের ‘রুদ্র ও রোদেলার কাব্য’ নাটকের মধ্য দিয়ে প্রথম অভিনয়ে নাম লেখান সিদ্দিক।