অভিনেতা ফারুক শেখ আর নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের চলচ্চিত্র, মঞ্চ ও টেলিভিশনের প্রখ্যাত অভিনেতা ফারুক শেখ
ভারতের চলচ্চিত্র, মঞ্চ ও টেলিভিশনের প্রখ্যাত অভিনেতা ফারুক শেখ

ভারতের প্রখ্যাত অভিনেতা ফারুক শেখ আর নেই। চলচ্চিত্র, মঞ্চ ও টেলিভিশনে সমান জনপ্রিয় ফারুক শেখ গতকাল শুক্রবার রাতে দুবাইতে আকস্মিকভাবে হূদরোগে আক্রান্ত হয়ে মারা যান। তাঁর বন্ধু এবং দীর্ঘদিনের সহকর্মী অভিনেত্রী দীপ্তি নাভালের বরাতে এ খবর জানিয়েছে ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিস।
অভিনেত্রী শাবানা আজমি ফোন করে তাঁকে খবরটি জানিয়েছেন বলে উল্লেখ করে অশ্রুজড়ানো কণ্ঠে দীপ্তি বলেন, ‘এটা অবিশ্বাস্য। আমি ভীষণ শোকাহত। চলচ্চিত্র অঙ্গনের সবচেয়ে ভালো অভিনেতাদের তিনি একজন।’
সিনেমার পাশাপাশি টেলিভিশনেও সমান জনপ্রিয় ৬৫ বছর বয়সী ফারুক শেখ শারীরিকভাবে সুস্থ ছিলেন বলেই জানান দীপ্তি। তাঁর মরদেহ মুম্বাইয়ে নিয়ে আসার ব্যবস্থা করা হচ্ছে বলেও জানান তিনি।

একটি চলচ্চিত্রের দৃশ্যে বলিউডের জনপ্রিয় জুটি ফারুক শেখ ও দীপ্তি নাভাল
একটি চলচ্চিত্রের দৃশ্যে বলিউডের জনপ্রিয় জুটি ফারুক শেখ ও দীপ্তি নাভাল


এদিকে, ফারুক শেখের স্ত্রী রুপা জৈন তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন বলে জানিয়েছেন তাঁর ঘনিষ্ঠ বন্ধু অভিনেতা সতীশ শাহ। কয়েক দিন আগেও তাঁর সঙ্গে কথা হয়েছে জানিয়ে সতীশ বলেন, ফারুক সুস্থ ছিলেন এবং দুবাইতে ছুটি কাটাতে গিয়েছিলেন।
শোকাহত সতীশ শাহ বলেন, ‘আমি যা বলতে পারি তাহলো এক মহান বন্ধুকে হারালাম আমি।’ ফারুক, তাঁর স্ত্রী রূপা এবং তিনি একই কলেজে পড়তেন বলেও জানান সতীশ।
‘চশমে বদ্দুর’ ও ‘সাথ সাথ’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য খ্যাত ফারুক শেখের বলিউড অভিষেক হয় ১৯৭৩ সালে ‘গরম হাওয়া’ চলচ্চিত্রের মধ্য দিয়ে।
বলিউডের মূলধারার সিনেমার পাশাপাশি বিকল্পধারার চলচ্চিত্রেও সমানতালে কাজ করেছেন ফারুক।  সত্যজির রায় পরিচালিত ‘শতরঞ্জ কা খিলাড়ি’সহ ‘উমরাও জান’, ‘কিসিসে না ক্যহনা’, ‘নুরি’, ‘ইয়ে জাওয়ানি হ্যায় দেওয়ানি’ তাঁর উল্লেখযোগ্য চলচ্চিত্র।

স্বল্প বাজেটে উচ্চমানের বিকল্পধারার চলচ্চিত্র, মঞ্চ এবং টেলিভিশনে তাঁর অবদানের জন্য স্মরণীয় হয়ে থাকবেন ফারুক। ১৯৮৮ থেকে ২০০২ সাল পর্যন্ত বেশকিছু টিভি সিরিয়ালে অভিনয় করেন তিনি। ফারুকের উপস্থাপনায় ‘জীনা ইসি ক্যা নাম হ্যায়’ টক শোটি তুমুল জনপ্রিয়তা পায়।   

১৯৪৮ সালে ২৫ মার্চ ভারতের বারোদায় জন্মগ্রহণ করেন ফারুক শেখ। তাঁর পিতা মুস্তাফা শেখ মুম্বাইয়ে আইনজীবী ছিলেন। তাঁর মায়ের নাম ফরিদা শেখ। স্ত্রী রূপা জৈনের সঙ্গে দাম্পত্য জীবনে দুই কন্যার জনক তিনি।