অভিনেতা ফারুকের শারীরিক অবস্থার উন্নতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রখ্যাত চলচ্চিত্র অভিনেতা ফারুকের শারীরিক অবস্থা বর্তমানে উন্নতির দিকে। আজ রোববার দুপুরের পর তাঁকে নিবিড় পর্যবেক্ষণ কক্ষ (আইসিইউ) থেকে কেবিনে স্থানান্তর করা হয়েছে। বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন ফারুকের স্ত্রী ফারজানা পাঠান। এ প্রসঙ্গে তিনি জানিয়েছেন, ‘ফারুকের শারীরিক অবস্থা আগের চেয়ে ভালো। তাঁকে এখন আর কৃত্রিম উপায়ে অক্সিজেন দিতে হচ্ছে না। শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় চিকিত্সকদের সিদ্ধান্ত অনুযায়ী আজ দুপুরের পর তাঁকে কেবিনে স্থানান্তর করা হয়েছে।’ গত ৭ মে শ্বাসকষ্টজনিত সমস্যার কারণে ফারুককে রাজধানীর অ্যাপোলো হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) ভর্তি করা হয়। মে মাসের মাঝামাঝিতে তাঁকে সিসিইউ থেকে সাধারণ কেবিনে নিয়ে আসা হয়েছিল। শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় কিছুদিনের মধ্যেই তাঁর হাসপাতাল ত্যাগের কথা ছিল। কিন্তু গত ৩১ মে বৃহস্পতিবার হঠাত্ করেই এ অভিনেতার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কক্ষে স্থানান্তর করা হয়। উল্লেখ্য, ফারুক সর্বশেষ চলচ্চিত্রে অভিনয় করেছেন আজাদী হাসানাত ফিরোজের পরিচালনায় ‘ঘরের লক্ষ্মী’ ছবিতে। এ ছাড়া দীর্ঘ অভিনয় জীবনে তিনি বহু চলচ্চিত্রে অভিনয় করেছেন। তাঁর অভিনীত চলচ্চিত্রের মধ্যে রয়েছে ‘জলছবি’, ‘আবার তোরা মানুষ হ’, ‘লাঠিয়াল’, ‘সুজন সখী’, ‘নয়নমণি’, ‘সূর্যগ্রহণ’, ‘কৃষ্ণা’, ‘সারেং বৌ’, ‘গোলাপী এখন ট্রেনে’, ‘দিন যায় কথা থাকে’, ‘নাগরদোলা’, ‘সূর্য সংগ্রাম’, ‘দোস্তি’, ‘জনতা এক্সপ্রেস’, ‘মাটির পুতুল’, ‘পুনর্মিলন’, ‘জীবন সংসার’, ‘জীবন নিয়ে যুদ্ধ’ ইত্যাদি।‘লাঠিয়াল’ ছবিতে সু-অভিনয়ের স্বীকৃতি হিসেবে ১৯৭৫ সালে সেরা সহঅভিনেতা বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার জেতেন গুণী এই অভিনেতা। এ ছাড়া বাচসাসসহ আরও বেশ কয়েকটি পুরস্কারও ঝুলিতে ভরেছেন মুক্তিযোদ্ধা এই অভিনয়শিল্পী। বর্তমান চলচ্চিত্রশিল্পী সমিতির প্রতিষ্ঠাতা সদস্য ফারুক বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের ভারপ্রাপ্ত সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করছেন।