নাটক করতে হলে যে যে বিষয়ে জেনে নেওয়া খুব জরুরি, সে বিষয়গুলোর ওপরই আলোকপাত করা হবে নাটকের ক্লাসে। নাটককে জেনে-বুঝে তারপর নাটকের অংশ হওয়ার সুযোগ করে দিতেই এ ক্লাসের আয়োজননির্দেশকের মেজাজ আজ বেশ ফুরফুরে। প্রায় সবাই সময়মতো উপস্থিত। রিহার্সেল শুরুর আগে তাই একটু আয়েশ করেই চা-মুড়ি সাবাড় করতে করতে বললেন, ‘সেদিন তো আপনি বারবার নাটক পাঠ করবার কথা বলছিলেন, কিন্তু কেন পাঠ করবে, কীভাবে পাঠ করবে—এসব নিয়ে কিন্তু কিছুই বলেননি?’নাট্যকার এতক্ষণ এ রকম একটা সুযোগই খুঁজছিলেন। অনেকক্ষণ কথা বলতে না পেরে গলাটা খুসখুস করছিল। এবার একটু কেশে নিয়ে শুরু করলেন তাঁর লেকচার: ব্যক্তিগতভাবে নাটক লেখা ও মঞ্চায়ন প্রক্রিয়ার সঙ্গে যুক্ত থেকে মহড়াকক্ষে বসে যে অভিজ্ঞতা অর্জন করেছি, তাতে দেখেছি আমাদের বেশির ভাগ অভিনয়শিল্পীর আচরণটি হয় স্বার্থপর ও একদেশদর্শী। তাঁরা নিজের চরিত্রটি ছাড়া অন্য চরিত্রগুলোর প্রতি মোটেও দৃষ্টিপাত করেন না। তাঁরা নিজের অভিনেয় চরিত্র আর সংলাপের মধ্যেই সীমাবদ্ধ হয়ে পড়েন। পুরো নাটক দেখতে পান না। ফলে তাঁরা নাটকটির প্রতি যেমন সুবিচার করেন না, তেমনি তাঁর নিজের অভিনীত চরিত্রটিও হয়ে পড়ে সীমাবদ্ধ ও সরলরৈখিক; যে কারণে আমাদের মঞ্চে মেধাবী অভিনয়ের দেখা মিলে কদাচিৎ। অভিনয়গুলো হয় মূলত দক্ষতানির্ভর, তাতে মেধার স্ফুরণ ঘটে না।একজন নাট্যকার যা রচনা করেন, তা তাঁর স্বপ্ন-আশা-আকাঙ্ক্ষারই প্রতিফলন। তিনি তাঁর রচনায় কিছু ঘটনা, চরিত্র আর সংলাপের মাধ্যমে কোনো একটা ভাবনাকে তুলে ধরেন। মুদ্রিত কিংবা হাতে লেখা অবস্থায় তা কিছু কালো অক্ষর ছাড়া কিছু নয়। গল্প, উপন্যাসের লেখকের মতো নাট্যকার তাঁর চরিত্রদের কথা তেমন কিছুই বলেন না। স্থান, কাল, পাত্রের মতো দু-চারটি তথ্য নির্দেশনা ছাড়া তেমন কিছুই থাকে না। থাকে না পরিবেশ-পরিস্থিতির বর্ণনা। মানসিক ঘাত-প্রতিঘাতের বর্ণনাও থাকে না। নাটকের চরিত্র তাঁর নিজের কথা নিজেই বলে। আর তা বলে সংলাপের মাধ্যমে, আত্মকথনের মাধ্যমে। চরিত্রগুলো তা নিজেই বলে নয়তো এক চরিত্র আরেক চরিত্র সম্পর্কে বলে। এসব সংলাপের ভাঁজে ভাঁজে লুকিয়ে থাকে হাসি-কান্না, আনন্দ-বেদনা, সাফল্য-ব্যর্থতা, সংগ্রাম, প্রতিরোধের আহ্বান আর জীবনতৃষ্ণা। একজন ঔপন্যাসিক হয়তো তাঁর একটি চরিত্রকে ফুটিয়ে তুলতে কয়েক পৃষ্ঠা বর্ণনা করে ফেলেন। কিন্তু নাট্যকার তা করেন না, বলাবাহুল্য, প্রকরণগত কারণেই তা করতে পারেন না। পাঁচ শ, হাজার পৃষ্ঠা একটি উপন্যাসের কলেবর হতে পারে, কিন্তু নাটক একটি নির্দিষ্ট অভিনয়সীমায় বন্দী। তাই নাট্যকার যা বলেন, তা খুবই সংক্ষিপ্ত সংলাপের ভেতর দিয়ে বলেন। তিনি তাঁর চরিত্রের মুখ দিয়ে কিংবা পার্শ্বচরিত্রের মুখ দিয়ে বলা দু-একটি সংলাপের ভেতর দিয়ে তা প্রকাশ করেন। মাঝেমধ্যে ব্র্যাকেটবন্দী অবস্থায় দু-চারটি সংক্ষিপ্ত দিকনির্দেশনা থাকলেও ঔপন্যাসিক বা গল্পকারের বর্ণনার মতো তা চিত্ররূপময় নয়। এগুলো অনেকটা রাস্তা চলাচলের দিকনির্দেশনার মতো।তাহলে একজন নির্দেশক কিংবা অভিনয়শিল্পী কিসের ওপর ভিত্তি করে নাটকটি ব্যাখ্যা করবেন? অভিনেতাই বা কীভাবে তাঁর চরিত্রটি উপস্থাপন করবেন? নির্দেশক, অভিনয়শিল্পী কিংবা কলাকুশলীদের নির্ভর করতে হবে নাট্যকারের ছোট ছোট দিকনির্দেশনা, সংলাপ আর আত্মকথনে। এ ক্ষেত্রে পাণ্ডুলিপিই তার প্রথম অবলম্বন।নাট্যকার সৃষ্টি করেন আর নির্দেশক, শিল্পী ও কলাকুশলীরা করেন পুনঃসৃষ্টি। সৃষ্টির প্রক্রিয়াটি একক এবং ব্যক্তিগত। পুনঃসৃষ্টির প্রক্রিয়াটি সামষ্টিক, জটিল ও বহুমাত্রিক। এই বহুমাত্রিক ও জটিল প্রক্রিয়াটি সফল করার ক্ষেত্রে নাটক (পাণ্ডুলিপি) বা স্ক্রিপ্টই হলো অভিনয়শিল্পীদের জন্য একমাত্র নীলনকশা।একটা স্থাপনা, তা সে বাড়ি, কারখানা, সেতু যা-ই হোক না কেন, তার জন্য প্রথমেই প্রয়োজন একটি ব্লু-প্রিন্ট বা নীলনকশা। যার ওপর ভিত্তি করে নির্মিত হয় স্থাপনাটি। নীলনকশার মাঝে থাকে স্থাপনাটির কাঠামো, প্রয়োজনীয় উপকরণের দিকনির্দেশনা। নাটক মঞ্চায়নের ক্ষেত্রে পাণ্ডুলিপি বা নাটক একই ভূমিকা পালন করে থাকে। অর্থাৎ নাটকের মঞ্চায়নের জন্য অভিনয়শিল্পীর নীলনকশা হলো নাট্যকার-রচিত নাটক বা পাণ্ডুলিপি। আমি এটাকে বলি অভিনেতার নীলনকশা।‘অভিনেতার নীলনকশা’ নাট্যকারের মুখ থেকে কথাটা কেড়ে নিলেন নির্দেশক। তারপর বলতে শুরু করলেন, ‘আপনার কথাটা আমার খুব মনে ধরেছে। তবে আমি একটু অন্যভাবে বলতে চাই। পাণ্ডুলিপি বা নাটক হলো, প্রতিমা তৈরির আগে খড়-বাঁশ দিয়ে যে কাঠামো তৈরি করা হয় সেই কাঠামো। সেদিক থেকে প্রতিমাটিকে বলতে পারি নাটক।’ নাট্যকার হাসলেন, ‘আপনার উদাহরণটাও সুন্দর।’ নির্দেশক মাথা নেড়ে কথাটা গ্রহণ করলেন। নাট্যকারের কথা শুনতে শুনতে নির্দেশক ক্লান্ত হয়ে পড়ছিলেন। তাঁর লেকচার থামানোর একটা মোক্ষম সুযোগ পেয়ে গেলেন, ‘ব্লু-প্রিন্টের কথা বললেন, এরপর নিশ্চয়ই বিল্ডিংকোডের কথা বলবেন?’ নির্দেশকের কথার পিঠে বাউন্সার ছুড়লেন নাট্যকার, ‘শুধু বিল্ডিংকোড? রাজমিস্ত্রি, জোগালি, প্লাস্টার, ফিটার ইলেকট্রিশিয়ান অনেকের কথাই বলব। আজকে আর না। আপনার রিহার্সেল শুরু করুন।’ হাঁফ ছেড়ে বাঁচলেন নির্দেশক।