অভিনেত্রী তানিয়া ফিলিপাইনে
মঞ্চ ও টেলিভিশন অভিনেত্রী তানিয়া হোসাইন এই প্রথম কোনো ট্রাভেল শো অনুষ্ঠান উপস্থাপনা করতে যাচ্ছেন। অনুষ্ঠানটির নাম রেক্সোনা ডেস্টিনেশন আনলিমিটেড। শাহরিয়ার শাকিল এটি পরিকল্পনা ও পরিচালনা করছেন। অনুষ্ঠানের শুটিংয়ের জন্য এবার বেছে নেওয়া হয়েছে ফিলিপাইনকে। জানা গেছে, সেখানে অনুষ্ঠানের ২০টি পর্ব ধারণ করা হবে। ফিলিপাইনে শুটিংয়ের উদ্দেশে গতকাল রাত একটায় মালয়েশিয়ান এয়ারলাইনসের একটি বিমানে ঢাকা ছাড়েন পাঁচ সদস্যের একটি দল। ফিলিপাইনের উদ্দেশে ঢাকা ছাড়ার আগে তানিয়া বলেন, বেশ কয়েকটি অনুষ্ঠানে উপস্থাপনা করলেও ভ্রমণবিষয়ক অনুষ্ঠান এবারই প্রথম করতে যাচ্ছি। এমনকি ফিলিপাইনেও এটি প্রথমবারের মতো যাওয়া। ফিলিপাইন ট্যুরিজম বোর্ডের আমন্ত্রণে আমাদের সেখানে যাওয়া। সবকিছু মিলিয়ে বেশ ভালোই অনুভূতি।এ ছাড়া আমি নিজেও ঘোরাফেরা করতে বেশ পছন্দ করি। ভ্রমণবিষয়ক অনুষ্ঠান উপস্থাপনা করতে পারছি বলে বাড়তি ভালোলাগাও কাজ করছে। তানিয়া এও বলেন, প্রায় ১৪ দিনের এ সফরে আমরা ফিলিপাইনের বিভিন্ন পর্যটন স্পটে ঘুরে বেড়াব। এবং সেখানকার মনোরম দৃশ্যগুলো অনুষ্ঠানের মাধ্যমে বাংলাদেশের দর্শকদের জন্য তুলে ধরার চেষ্টা করব। তানিয়া হোসাইন আগামী ৩ মার্চ ফিলিপাইন থেকে মালয়েশিয়া যাবেন। সেখানে তিনি ৬ মার্চ থেকে রাইমা ইসলামের পরিচালনায় ঝরাফুল নামের একটি ধারাবাহিকের শুটিংয়ে অংশ নেবেন। নাটকটিতে আরও অভিনয় করবেন তানিয়া আহমেদ, মিম, শহীদুজ্জামান সেলিম, মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী, হিল্লোল ও সাজু মুনতাসির। শুটিং শেষে আগামী মাসের ১৪-১৫ তারিখে তানিয়া দেশে ফিরবেন । উল্লেখ্য, ভ্রমণবিষয়ক অনুষ্ঠান রেক্সোনা ডেস্টিনেশন আনলিমিটেড অনুষ্ঠানের উপস্থাপনার কাজ প্রথম শুরু হয়েছিল মডেল ও অভিনেত্রী নোভাকে দিয়ে।