অভিনেত্রী না হলে ব্যবসায়ী হতাম: ঈশানা
মডেল ও অভিনয়শিল্পী ঈশানা। বিজ্ঞাপন, নাটক, টেলিফিল্ম ও একাধিক মেগা সিরিয়ালে অভিনয়ের কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন বর্তমান সময়ের জনপ্রিয় এ অভিনেত্রী। একের পর এক চলচ্চিত্রে কাজের প্রস্তাবও আসছে তাঁর কাছে। সাম্প্রতিক কাজ এবং ব্যক্তিগত বিষয় নিয়ে কথা বলছেন ঈশানা।

বৈশাখ উপলক্ষে কী কাজ করলেন?
পয়লা বৈশাখ উপলক্ষে বিটিভির জন্য ‘বিশ বাইশ’ নামে একটি একক নাটকের পাশাপাশি ‘ইনবক্স’, ‘চিলে কোঠার রোদ্দুর’ ও ‘প্রেমের এনকাউন্টার’ নামের তিনটি টেলিফিল্মে অভিনয় করেছি। এগুলোতে আমার সহ-অভিনেতা নাইম, সজল, কল্যাণ ও আনিসুর রহমান মিলন।
পয়লা বৈশাখ উদযাপনে বিশেষ কোনো পরিকল্পনা?
তেমন কোনো পরিকল্পনা এখনো করিনি। সকালবেলায় আব্বু-আম্মু আর বোনের সঙ্গেই সময় কাটবে আমার। শাড়ি পরতে আমার অনেক ভালো লাগে। বিকেল হলেই লাল-সাদা শাড়ি পরে ঘুরতে বের হব। এটা নিশ্চিত। কুমিল্লায় দাদু ও নানুবাড়িতে বেড়াতে যাব বলেও ঠিক করেছি।
সিরিয়ালের কাজের খবর কী?
এ মুহূর্তে তিনটি সিরিয়ালের কাজ হাতে আছে। ‘সখী ভালোবাসা কারে কয়’, ‘শূন্য থেকে শুরু’ এবং আরেকটি কমেডি সিরিয়ালে অভিনয় করছি।
কোনো বিশেষ চরিত্রে অভিনয় করতে চান?
সমরেশ মজুমদারের ‘গর্ভধারিণী’ উপন্যাসের জয়িতা চরিত্রের প্রতি আমার বিশেষ দুর্বলতা রয়েছে। কখনো সুযোগ পেলে আমি অবশ্যই চরিত্রটিতে অভিনয় করব।
চলচ্চিত্রে কাজের প্রস্তাব পাচ্ছেন?
এখন নাটকের চেয়ে চলচ্চিত্রের কাজের প্রস্তাবই বেশি পাচ্ছি। তবে এখনো আমি চলচ্চিত্রে অভিনয়ের জন্য কোনো পরিকল্পনা করিনি। যদি আমার মনের মতো কোনো গল্প পাই, তাহলে ভেবে দেখতে পারি। আমার পরিবারের সদস্যদের অনুমতি পেলেই কেবল চলচ্চিত্রে অভিনয় করব।
নিজের অভিনীত প্রথম নাটক দেখে অনুভূতি কেমন ছিল?
আমার অভিনীত প্রথম নাটক ‘ফিরিয়ে দিলাম পৃথিবী’। নাটকটিতে আমার সহ-অভিনেতা ছিলেন সজল। ‘ফিরিয়ে দিলাম পৃথিবী’ নাটকের উদ্বোধনী প্রদর্শনীর আয়োজন করা হয়েছিল। নিজের অভিনীত প্রথম নাটক দেখে অন্যরকম একটা অনুভূতি কাজ করেছিল, যা বলে বোঝাতে পারব না।
অভিনেত্রী না হলে কী হতেন?
আমি আসলে কখনো ভাবিনি মডেল বা অভিনেত্রী হব। আমার করপোরেট চাকরি কিংবা ব্যবসা করার ইচ্ছে ছিল। অভিনেত্রী না হলে ব্যবসায়ী হতাম। ইচ্ছেটি এখনো আছে।
মডেলিং ও অভিনয়ের বাইরে আর কী করছেন?
মডেলিং ও অভিনয়ের বাইরে আমি ভালো নাচ জানি। এখন ছোট পর্দায় বিভিন্ন নাচের অনুষ্ঠানে অংশগ্রহণ করছি।
পড়ালেখার খবর কী?
একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ইংরেজি সাহিত্য নিয়ে পড়ছি।