অভিনেত্রী মিতা নূরের ঝুলন্ত লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মিতা নূর
মিতা নূর

ছোটপর্দার অভিনেত্রী মিতা নূরের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার ভোরে রাজধানীর গুলশানে নিজ বাসার ড্রয়িংরুম থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম প্রথম আলো ডটকমকে জানান, আজ ভোরের দিকে মিতা নূরের পরিবারের লোকজন থানায় ফোন করে। সকাল পৌনে সাতটার দিকে পুলিশ মিতা নূরের গুলশান-২-এর ১০৪ নম্বর রোডের ১৬ নম্বর বাসায় যায়। বাসার ড্রয়িংরুমের সিলিং ফ্যানের সঙ্গে তাঁর ঝুলন্ত দেহ দেখতে পায় পুলিশ। তাঁর গলায় ওড়না প্যাঁচানো ছিল। পরে ফ্যান থেকে মিতা নূরের নিথর দেহ উদ্ধার করে পুলিশ। এ সময় বাড়িতে তাঁর পরিবারের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন। ঘটনা সম্পর্কে মিতা নূরের ছেলে শেহজাদ নূর (১৭) প্রথম আলো ডটকমকে বলেন, ‘মধ্যরাতের কোনো একসময় ঘটনাটি ঘটেছে বলে আমাদের ধারণা। তবে কী কারণে এটা ঘটেছে, এখন পর্যন্ত আমরা এ ব্যাপারে কিছুই বলতে পারছি না।’

সাংবাদিকদের কাছে দেওয়া লশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলামের ভাষ্য, পারিবারিক কলহের জেরে এ ঘটনা ঘটতে পারে। তিনি জানান, দুই দিন আগে নিকেতনে স্বামী শাহনূর রহমানের বায়িং হাউসের অফিসে যান মিতা নূর। সেখানে তাঁদের মধ্যে বাগবিতণ্ডা হয়। খবর পেয়ে এক পর্যায়ে সেখানে পুলিশ গিয়ে হাজির হয়। পুলিশের মধ্যস্থতায় স্বামী-স্ত্রীর মধ্যে সমঝোতা হয়।

মিতা নূরের সঙ্গে তাঁর স্বামীর কী নিয়ে কলহ চলছিল, এ ব্যাপারে পুলিশ কিছু জানায়নি।

শাহনূরের ছোট ভাই মাহিনূর রহমান মজুরমদার দাবি করেন, গত শনিবার দুই ছেলেকে সঙ্গে নিয়ে নিকেতনে স্বামীর বায়িং হাউসে গিয়েছিলেন মিতা নূর। স্বামীর সঙ্গে বাগিবতণ্ডার একপর্যায়ে নিজেই গুলশান থানায় ফোন করেন।

এ বিষয়ে মিতা নূরের বাবা ফজলুর রহমান ও শ্বশুর সৈয়দ আহমেদ মজুমদার এখনই কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানান।

তবে মিতা নূরের বাবা ফজলুর রহমান বলেন, স্বামী-স্ত্রীর মধ্যে কলহ থাকতে পারে। তবে আমরা সেটা জানি না।

ঘটনার বিষয়ে মিতা নূরের স্বামী শাহনূর রহমানের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। বাসায় অবস্থান করলেও সাংবাদিকদের সামনে আসেননি তিনি।

বেলা সাড়ে ১২টার দিকে মিতা নূরের মরদেহ ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় দুপুর দেড়টা পর্যন্ত কোনো মামলা হয়নি।