অভিনেত্রী হওয়ার স্বপ্নে বিভোর
‘স্বপ্নটা ছিল বেশ আগে থেকেই। কিন্তু স্বপ্ন যে এত তাড়াতাড়ি বাস্তব হয়ে ধরা দেবে, তা ভাবিনি আগে।’ নিজের স্বপ্ন দেখা আর এই স্বপ্নের বাস্তব রূপ নিয়ে কথা বলছিলেন বীথি রানী সরকার। টিভি খুললেই একটি বেসরকারি টেলিফোন সেবাদাতা প্রতিষ্ঠানের মডেল হিসেবে দেখতে পাওয়া যায় এই দীঘল কেশের কন্যাকে। আলো, ছায়া আর জলের দৃশ্যায়নে বেজে ওঠে ‘কই গেলা রে বন্ধু...’। এই কন্যাই বীথি। বলে চলেন, ‘আমার স্বপ্নের ঘোর এখনো কাটেনি। ঢাকায় এলাম ২২ জুন। ২ জুলাই অমিতাভ রেজার সঙ্গে ভাগ্যক্রমে দেখা হয়ে গেল আর ৪ জুলাই পেয়ে যাই গ্রামীণফোনের বিজ্ঞাপনের কাজ। তা আবার এক বছরের চুক্তি।’বীথি সবে শান্ত-মারিয়াম বিশ্ববিদ্যালয়ে ফ্যাশন ডিজাইন অ্যান্ড টেকনোলজির প্রথম সেমিস্টারের শিক্ষার্থী। পারিবারিক পরিমণ্ডলে খুব বেশি সাংস্কৃতিক আবেশ না পেলেও মায়ের উৎসাহে ছোটবেলায় নাচে হাতেখড়ি। গাইবান্ধার মেয়ে বীথির ছোটবেলা থেকে স্বপ্ন ছিল টেলিভিশনে বিজ্ঞাপন করার। তবে এত কিছু বাদ দিয়ে বিজ্ঞাপন কেন? বীথির উত্তর ঝটপট, ‘আসলে বিজ্ঞাপনচিত্রে খুব সহজেই এবং কম সময়ে একটা কাহিনিকে দর্শকের কাছে উপস্থাপন করা যায়। তবে খুব কম সময়ের বিজ্ঞাপন হলেও নির্মাণকাজটা কিন্তু কম সময়ের নয়। যথেষ্ট পরিশ্রম করতে হয়। আর পরিশ্রমের ফল তো পাচ্ছি। রাস্তাঘাটে চলতে-ফিরতে শুনতে পাই, “আরে, গ্রামীণফোনের নতুন মডেলটা দারুণ! না?” তখনই মনে হয়, অমিতাভ ভাইকে দেওয়া কথা আমি রাখতে পেরেছি। দর্শকের মনে দাগ কাটতে পেরেছি।’ বীথি বর্তমানে কাজ করছেন বাংলাভিশনের জন্য একটা মেগা ধারাবাহিকে। আর কোনো কাজ? বীথি এ ব্যাপারে বেশ সজাগ, ‘নাহ্, আসলে অভিনয়ে আমার যেহেতু কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা নেই, তাই অল্প কাজ করে আগে শিখে নিতে চাই।’ তবে ভালো কাজের সুযোগ এলে বিবেচনা করবেন তিনি। পড়াশোনা নিয়ে কী ভাবনা? ‘আসলে পড়াশোনাটা তো করতেই হবে।’ ফ্যাশন ডিজাইনে পড়ার কি আলাদা উদ্দেশ্য আছে? মিষ্টি করে হেসে বীথি বলেন, ‘আমি চাই ফ্যাশন ডিজাইনের ওপর দেশে ও দেশের বাইরে উচ্চতর ডিগ্রি নিতে। এরপর ফ্যাশন নিয়ে নিজ দেশে কিছু করার ইচ্ছে আছে। নিজের সৃজনশীলতা উন্মোচনের এটাই তো সুযোগ। তবে আমি চাই, আমার নামের পাশে অভিনেত্রী বিশেষণটা যুক্ত হোক। একটা সময়ের পর সবাই আমাকে চিনুক অভিনেত্রী বীথি হিসেবে।’ একজন ভালো অভিনেত্রী হওয়ার স্বপ্নে বিভোর তিনি।