
বাংলাদেশ নাকি ভারতের পশ্চিম বাংলা? বাংলা সাহিত্যের চর্চাটা কোথায় বেশি হয়, কোথায় ভালো হয়, রবীন্দ্র-নজরুলকে কারা বেশি ধারণ করতে পেরেছে—এসব বিষয় নিয়ে তর্কের শেষ নেই। সেই তর্কে না গিয়ে দুই দেশের সাহিত্যকে এক প্ল্যাটফর্মে আনার প্রত্যয়ে শুরু হলো প্রথম বাংলা ই-ম্যাগাজিন পূর্বপশ্চিম। দুই দেশের কয়েকজন সাহিত্যানুরাগী এই ম্যাগাজিনের উদ্যোক্তা। গতকাল মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে দুই দেশেই এই ম্যাগাজিনের যাত্রা শুরু হয়েছে।
শাহবাগের পাঠক সমাবেশ গ্যালারিতে ম্যাগাজিনটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন সৈয়দ শামসুল হক। এ সময় উপস্থিত ছিলেন কবি রবিউল হুসাইন, আসাদ চৌধুরী, মুহম্মদ নুরুল হুদা, কামাল চৌধুরী, হাবীবুল্লাহ সিরাজী, মতিন বৈরাগী প্রমুখ। সভাপতিত্ব করেন নাসির উদ্দীন ইউসুফ।
একই সময়ে পশ্চিমবঙ্গের বিবি গাঙ্গুলি স্ট্রিটের ইন্ডিয়ান অ্যাসোসিয়েশনে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ঢাকার উদ্বোধনী অনুষ্ঠানটি শুরু হয় সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক হাসান আরিফের কবিতা আবৃত্তি দিয়ে। তিনি রবীন্দ্রনাথ, নজরুল ও হুমায়ুন আজাদের তিনটি কবিতা আবৃত্তি করেন। এরপর ছিল আলোচনা। এ সময় বক্তারা বলেন, ‘দুটি দেশ। মাঝে কাঁটাতার। বর্তমান প্রজন্ম মননের উঠোনে এই বিভেদ মেনে নিতে পারে না। আমরা সংস্কৃতির যূথবদ্ধতায় বিশ্বাসী। আমরা গলাগলিতে বিশ্বাসী। তাই অচলায়তনের দেয়াল ভাঙার অভিন্ন বিশ্বাসে ঐক্যবদ্ধ হয়েছি একটি অভিন্ন ছাতার নিচে—তার নাম পূর্বপশ্চিম। আমরা চাই এ রকম এই বিভাজনহীন সময়ের জার্নাল রচনা করতে। চাই এক অভিন্ন উৎসবের সূচনা করতে। সেই উৎসবের নাম অক্ষরের উৎসব। এই উৎসব ধারণ করবে পূর্বপশ্চিম।’
উদ্যোক্তারা জানান, পূর্বপশ্চিম নিজের দেহের মানচিত্রে ধরে রাখতে চায় দুই বাংলার শব্দশিল্পীদের মননের রং। তাঁদের তুলির আঁচড়। ই-ম্যাগাজিন পূর্বপশ্চিম তাই অক্ষরের উৎসব। দুই বাংলার মিলিত প্রয়াস।
পত্রিকাটির সম্পাদনা পরিষদে বাংলাদেশ ও পশ্চিম বাংলার পক্ষে আছেন আশরাফ জুয়েল, অমিত গোস্বামী, রেহান কৌশিক, আহমেদ ফারুক, ইকবাল রাশেদীন, অর্ণব হোসেন, মৌমিতা ঘোষ, ফুল্লরা মুখোপাধ্যায় প্রমুখ।