
নাটোরের গোপালপুর রেলক্রসিং। সময় হলো ট্রেন আসার। তাই মুখে লাল রঙের একটি বাঁশি আর হাতে একটি সবুজ পতাকা ধরে দাঁড়িয়ে আছেন মোমিনুল। পরনে জরাজীর্ণ পোশাক। চোখে জ্বলছে যেন বিদ্রোহের অনল। চালচলন বেশ রহস্যময়। এরই মধ্যে পার হয়ে গেল রাজশাহী থেকে ঢাকাগামী একটি ট্রেন। দৃশ্যটি দেখতে রেলক্রসিংয়ের দুই ধারে হাজার মানুষের ভিড় জমেছে। এটি ছিল একটি চলচ্চিত্রের শুটিংয়ের দৃশ্য। ছবির নাম ঘুণ্টিঘর। এটি পরিচালনা করেছেন পারভেজ আমিন। এই ছবিতে মোমিনুলের চরিত্রে অভিনয় করেছেন আশীষ খন্দকার। কথা হলো তাঁর সঙ্গে।
‘ঘুণ্টিঘর’-এ আপনার চরিত্রটি কেমন?
১৯৪৭-এর পর থেকে দেশের অসংখ্য মানুষ জীবিকার তাগিদে রেলওয়ের সঙ্গে যুক্ত হয়েছে। কিন্তু ভাগ্য পরিবর্তন হয়েছে খুব কম মানুষেরই। সেই সব ভাগ্যবঞ্চিত মানুষের একজন মোমিনুল। নানা বঞ্চনা আর নিপীড়ন সহ্য করতে করতে একদিন হিংস্র হয়ে ওঠে সে।
চরিত্রটির জন্য কীভাবে প্রস্তুত করেছেন নিজেকে?
প্রথমে চরিত্রটির সময় এবং ভাষা নিয়ে ভেবেছি। কারণ, চরিত্রের ভাষা নির্বাচন অভিনয়ে ভিন্ন রং যোগ করে। তারপর চরিত্রটির চালচলন ও পোশাকের বিষয়টি ভেবে অভিনয়ের প্রস্তুতি নিয়েছি। আমি মনে করি, অভিনেতার অভিনয়-প্রস্তুতিই দর্শকের চোখে ব্যঞ্জনা তৈরি করতে পারে।
অভিনয়ে কি দর্শক আপনাকে কম পাচ্ছেন?
আমার পড়াশোনা ছিল মূলত অভিনয় বিষয়ে। এ ছাড়া নির্দেশনা ও মঞ্চ নিয়ে কাজের আগ্রহও বেশি। বিশেষ করে পরিবেশ থিয়েটার নিয়ে কাজ করা। তবে এর পাশাপাশি ভালো গল্প এবং অভিনয়ের সুযোগ থাকলে অভিনয় তো করছিই। অভিনয় আমি নিয়মিত করে যেতে চাই।
পরিবেশ থিয়েটার নিয়ে নতুন কিছু করছেন?
পরিবেশ থিয়েটারের দিনগুলো কেমন ছিল নাটকটি নিয়ে আমার অনেক বড় একটি স্বপ্ন ছিল। কেননা, মুক্তিযুদ্ধ নিয়ে এটি আমার খুব পছন্দের একটি কাজ। অবশ্য নাটকটি মঞ্চায়ন করা খুব ব্যয়সাপেক্ষ। যদি কখনো কোনোভাবে সুযোগ তৈরি হয়, তা হলে নাটকটি আবার মঞ্চায়ন করতে চাই।
সাক্ষাৎকার: সুজাত হোসেন