অভিনয় ও পরিচালনায় রাজনীতিবিদ
এবারের ঈদে এটিএন বাংলায় প্রচারিত হবে টেলিছবি ‘স্বপ্নের দ্বীপ’। আর এটি রচনা ও পরিচালনা করেছেন একজন সাবেক ধর্ম প্রতিমন্ত্রী মোশারেফ হোসেন শাহজাহান। পাশাপাশি টেলিছবিটির একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয়ও করেছেন তিনি। স্বপ্নের দ্বীপ টেলিছবির গল্প গড়ে উঠেছে সমুদ্রের তীরে জেগে ওঠা একটি চরকে কেন্দ্র করে। গল্পে দেখা যাবে, বঙ্গোপসাগরের মোহনায় জেগে ওঠা চর ঢালদ্বীপ। সুবজ গাছগাছালিতে ভরা জনহীন এই ঢালদ্বীপে বাস করে ছোট ছোট কিছু বুনো প্রাণী আর হাজারো পাখপাখালি। নিবিড় প্রশান্তির এই দ্বীপে একদিন আশ্রয় খোঁজে বাগান আলী। জমিদারের হয়ে প্রতিপক্ষের কাছ থেকে খেতের ধানের দখল আদায় করতে গিয়ে পুলিশ খুন করে লাঠিয়াল বাগান আলী। এর পরই ফাঁসি থেকে বাঁচার জন্য আশ্রয় নেয় অনেক দূরের এই ঢালদ্বীপে। তারপর সেখানে যেমন শুভ সুন্দরের আবির্ভাব ঘটেছে তেমনি ঘটেছে অশুভ অসুন্দরের আবির্ভাব। এমনি একজন হলো বন্ধকী ব্যবসায়ী আর সুদের কারবারি হরেন্দ্র। তিনি ও তাঁর সহযোগীদের লোভের আগুনে উজাড় হয়ে যায় ঢালদ্বীপের সবুজ বৃক্ষরাজি। প্রকৃতি মানুষের এই অনাচার সহ্য করে না। একদিন দ্বীপে আঘাত করে প্রলয়ংকরী বন্যা।টেলিছবিটি সম্পর্কে অভিনেতা ও পরিচালক শাহজাহান বলেন, ‘স্কুল-কলেজে পড়াশুনা অবস্থা থেকেই আমি নাটকের সঙ্গে যুক্ত ছিলাম। সর্বশেষ নাটকে কাজ করি ১৯৬৪ সালে। সে সময় বিএম কলেজে ছেলেদেরকে মেয়ে সাজিয়ে অভিনয়ও করিয়েছিলাম। রাজনীতিতে ব্যস্ত হয়ে যাওয়ার কারণে আর নাটকে কাজ করা হয়ে উঠেনি। ১৯৬৪ সালের পর এটিই আমার প্রথম কোনো কাজ। আমি আসলে এখানে পরিবেশ বিপর্যয়ের বিষয়টা তুলে ধরার চেষ্টা করেছি। টেলিছবিটির মাধ্যমে একটা ম্যাসেজ দর্শকদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি আর কি।’মোশারেফ হোসেন শাহজাহানের রচনা ও পরিচালনায় এই টেলিছবিতে অভিনয় করেছেন—মোশারেফ হোসেন শাহজাহান, তমালিকা কর্মকার, ফারজানা ছবি, ম ম মোর্শেদ, আলতাফ হোসেন, লিটন মল্লিক প্রমুখ।স্বপ্নের দ্বীপ টেলিছবিটি ঈদের পঞ্চম দিন বেলা একটা ১৫ মিনিটে প্রচার হবে এটিএন বাংলায়।