অভিনয় করছেন ফুটবলার আমিনুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় ফুটবল দলের অধিনায়ক আমিনুল ইসলাম এবার নাটকে অভিনয় করবেন। একজন গোলরক্ষকের গল্প নিয়ে নাটকটি। নাম টাইব্রেকার। নাটকটির শুটিং হবে জুন মাসের প্রথম সপ্তাহে। আমিনুল বললেন, ‘এত দিন টিভিতে এবং মাঠে সমর্থকেরা আমাকে দেখেছেন জাতীয় দলের অধিনায়ক হিসেবে। দীর্ঘদিন গোলরক্ষক হিসেবে খেলছি। এবারই প্রথম টিভিতে সবাই আমাকে নতুন পরিচয়ে দেখবে। এবার নাটকে অভিনয় করব। আর নাটকের গল্পটিও চমৎকার। একজন গোলরক্ষকের গল্প। কলেজজীবন, খেলোয়াড় হিসেবে তার বেড়ে ওঠা, জনপ্রিয়তা পাওয়া এবং একসময় জাতীয় দলের অধিনায়ক হওয়া—পুরো ব্যাপারটিই আমার পছন্দ হয়েছে। আসলে ফুটবল নিয়ে অনেক দিন তেমন কোনো নাটক হতে দেখিনি। সব মিলিয়েই তাই ভালো লাগছে।’জাতীয় দলের ক্রিকেটার আশরাফুলকে নিয়ে তারিক মুহাম্মদ হাসান এর আগে তৈরি করেছিলেন নাটক টি-টোয়েন্টি। টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেট খেলার সময় এটি টিভিতে দেখানো হয়। এবার তিনি জাতীয় দলের ফুটবল তারকাদের নিয়ে নাটক করছেন। তারিক জানান, বিশ্বকাপ ফুটবল খেলার সময় দেখানোর জন্য টাইব্রেকার নাটকটি তিনি তৈরি করছেন। আমিনুল ছাড়াও তাঁর এই নাটকে অভিনয় করছেন জাতীয় ফুটবল দলের তারকা কায়সার হামিদ, জয় ও এমিলি। সঙ্গে থাকবেন নাইজেরিয়া থেকে আসা দুই খেলোয়াড় বুকোলা ও এমেকা। জাতীয় ক্রিকেট দলের সাবেক সদস্য রকিবুল হাসানও অভিনয় করবেন একটি বিশেষ চরিত্রে। নাটকে ফুটবলকে চাঙা করতে এগিয়ে আসেন তিনি। খেলোয়াড়দের সঙ্গে অভিনয় করবেন প্রভা। আমিনুল বললেন, ‘একটু অন্য রকম চরিত্র পেলে, আর যদি তা ফুটবল নিয়ে হয়; তাহলে টিভি নাটকে নিয়মিত অভিনয় করার ব্যাপারে আপত্তি নেই।’