মহড়াকক্ষে আজ চাপা উত্তেজনা। দলের চলতি নাটকের গত প্রদর্শনীর ওপর আলোচনা, পর্যালোচনা হবে। দলের সবাই এখনো এসে পৌঁছায়নি। যে নতুন সদস্যটি আলোচনার উপলক্ষ, সে অবশ্য আগেই এসে চুপচাপ বসে আছে। মনে মনে ভাবছে, তার ভুলের জন্য কী কৈফিয়ত দেবে। নির্দিষ্ট সময়ের মধ্যে সবাই এসে পৌঁছে গেলে নির্দেশকই প্রথম মুখ খোলেন। তাঁর কণ্ঠে কোনো উত্তেজনাই নেই। নির্দেশকের এই এক আশ্চর্য স্বভাব, খুব বেশি উত্তেজিত হয়ে গেলে একদম শান্ত হয়ে যান। অবশ্য ব্যতিক্রম যে ঘটে না তা নয়।নির্দেশকের কণ্ঠে একদম নির্লিপ্ত ভাব—‘আমি সকল অভিনেতা-অভিনেত্রীর কাছে অনুরোধ করব, সবাই একটু সিরিয়াস হবেন। মঞ্চে নিজ নিজ দায়িত্ব ঠিকভাবে পালন করবেন।’ এ রকম নিরীহ আর নির্লিপ্ত আবেদন যে আসলে ঝড়ের পূর্বাভাস, তা বুঝতে কারোরই কষ্ট হয়নি। এবার নির্দেশক তার স্বরূপে দেখা দিলেন—‘গত শোতে তোমার জন্য নাটকটা ভণ্ডুল হয়ে যাচ্ছিল। দলের অনেকের মতামত উপেক্ষা করে তোমাকে আমি সাবস্টিটিউট করেছিলাম আর তুমি আমাকে ডুবালে। আমি ঠিক বুঝতে পারছি না, সেদিন তোমার কী হয়েছিল। মনে হচ্ছিল, যেন মঞ্চে তুমি ছাড়া আর কোনো অভিনেতা-অভিনেত্রী নেই। তুমি একাই অভিনয় করছিলে। কী হয়েছিল তোমার বলো তো?’নির্দেশকের কথা শেষ হলে তরুণ অভিনেতা তার কথা বলতে শুরু করে। ‘আসলে ঠিক কী হয়েছিল, তা আমিও বুঝতে পারিনি। কেমন যেন একটা ঘোর লেগে গিয়েছিল। আমি যেন আমার মধ্যে ছিলাম না। চরিত্রের সঙ্গে একাত্ম হয়ে পড়েছিলাম।’ ‘যত সব রাবিশ!’ নির্দেশক একটু দম নিলেন—‘আত্মহারা হয়ে পড়েছিলাম। এ রকম আত্মহারা অভিনেতার কোনো প্রয়োজন নেই। আমি একটা বিষয় ভেবে পাইনে, হলের ভেতর দু-তিন শ দর্শক, মাথার ওপর কয়েক হাজার ওয়াটের আলো, পাশে চার-পাঁচজন কো-আর্টিস্ট, এ রকম অবস্থায় তোমার ঘোর লাগে কেমন করে?’নাট্যকার এতক্ষণ চুপচাপ শুনছিলেন। নির্দেশকের রাগ আর উত্তেজনা প্রশমন করতে মুখ খুললেন—‘অভিনয় করতে হয় সচেতনভাবে। এখানে মনের আবেগে ভেঙে যাওয়ার কোনো সুযোগ নেই। ধরো, ব্যাপারটা যদি এমন হয়, মারামারির দৃশ্য। তুমি তোমার সহ-অভিনেতার সঙ্গে কথা-কাটাকাটির একপর্যায়ে লাঠি দিয়ে আঘাত করলে আর তাতে তোমার সহ-অভিনেতার মৃত্যু হবে। তাহলে তুমি কি চরিত্রের সঙ্গে একাত্ম হয়ে ভাবের ঘোরে সত্যি সত্যিই মাথায় আঘাত করে বসবে?’ নাট্যকারের কথায় দু-একজন অভিনেতার মুখে মৃদু হাসির রেখা দেখা গেল। নির্দেশক আবার কথা বলতে শুরু করলেন—‘চরিত্রটি আত্মস্থ করতে হবে, আবার তা মঞ্চে বাস্তবায়িত করতে হবে। পুরো কাজটি করতে হবে সচেতনভাবে। সামনে বসা দর্শক, মাথার ওপরে হাজার ওয়াটের আলো, চারপাশে সহশিল্পীদের কথা—সবকিছু মাথায় রেখে তোমার অভিনয়টি করতে হবে।’ অভিযুক্ত সদস্যের নিচু কণ্ঠ শোনা গেল—‘বিষয়টা বুঝতে পেরেছি। আসলে সেদিন আমি খুবই উত্তেজিত ছিলাম। আমাকে ভালো করতে হবে। আগে যিনি এই চরিত্রটি করতেন, তাঁর চেয়ে ভালো করতে হবে।’নির্দেশক যেন অভিনেতার সমস্যাটি বুঝতে পারলেন। ‘হ্যাঁ, আমারও তাই মনে হচ্ছিল। তোমার দেহমন দুই-ই ছিল উত্তেজিত। যার কারণে তোমার অভিনয়ের মধ্যে তোমার কোনো নিয়ন্ত্রণ ছিল না। তুমি কাজ করছিলে যন্ত্রচালিতের মতো।’‘কিন্তু কাজটি কীভাবে করব?’ তরুণ অভিনেতার প্রশ্ন। নির্দেশক এবার বলতে শুরু করলেন—‘এ সমস্যা অনেক অভিনেতারই হয়। কিন্তু দীর্ঘ অনুশীলনের মাধ্যমে তা দূর করা যায়। এ জন্য যে কাজটি অত্যন্ত জরুরি তা হলো, দেহমন শিথিলকরণ আর মনঃসংযোগ। এ বিষয়টি নিয়ে আমাদের আরও কাজ করতে হবে। ভাবছি, এসব নিয়ে খুব শিগগিরই একটা কর্মশালা করব। সেখানে এসব নিয়ে বিস্তারিত কাজ আর কথা হবে। আজ এ পর্যন্তই থাক।’