অভিনয় করাই থিয়েটার নয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১৮ বছর ধরে ‘থিয়েটারওয়ালা’ সম্পাদনা করছেন হাসান শাহরিয়ার
১৮ বছর ধরে ‘থিয়েটারওয়ালা’ সম্পাদনা করছেন হাসান শাহরিয়ার
থিয়েটারওয়ালা—নাটকের এই জনপ্রিয় সাময়িকীপত্রটি প্রকাশিত হচ্ছে আঠারো বছর ধরে। পত্রিকাটি কিছুদিন আগে ছাপা সংস্করণ বিলুপ্ত করে কেবল অনলাইনেই প্রকাশিত হচ্ছে। পত্রিকাটির নানা বিষয়-আশয় নিয়ে ‘আনন্দ’-এর মুখোমুখি হয়েছেন থিয়েটারওয়ালার সম্পাদক হাসান শাহরিয়ার। সাক্ষাৎকার নিয়েছেন আলতাফ শাহনেওয়াজ

দীর্ঘদিন ধরে ‘থিয়েটারওয়ালা’ সম্পাদনা করছেন আপনি। আগে এটি ছিল ছাপা সংস্করণে। গত বছর থেকে ছাপা সংস্করণ বাদ দিয়ে পত্রিকাটিকে নিয়ে এসেছেন অনলাইনে। হঠাৎ কেন এই রূপান্তর?

প্রথম থেকে শুরু করি। ১৯৯৮ সালের ৪ নভেম্বর থেকে থিয়েটারওয়ালা পত্রিকাটির যাত্রা শুরু। সে সময় আমরা ভেবেছিলাম, সাম্প্রতিক থিয়েটারচর্চা ও থিয়েটারের সমসাময়িক ভাবনাগুলো প্রকাশের পাটাতন হবে পত্রিকাটি। তো, প্রকাশের পর ব্যাপক সাড়া পেলাম আমরা। প্রথম সংখ্যা থেকেই নানা রকম আয়োজন করলাম নাটক ও থিয়েটারের কুশীলবদের নিয়ে। প্রথমে থিয়েটারওয়ালা ছাপা হতো তিন-চার শ কপি। পরে এটি বারো শ কপি পর্যন্ত ছাপা হয়েছে। প্রথম সংখ্যা থেকে সাতাশতম সংখ্যা পর্যন্ত প্রকাশিত হয়েছে ছাপা আকারে। তারপর ছাপা সংস্করণ বিলুপ্ত করে অনলাইনে গিয়েছি আমরা। এর পেছনে অর্থনৈতিক ব্যাপার তো আছেই। কিন্তু এটি মুখ্য নয়। রয়েছে সহজলভ্য যোগাযোগের বিষয়টিও। গত বছর পয়লা বৈশাখ থেকে অনলাইনে পাওয়া যাচ্ছে থিয়েটারওয়ালা। এখন www.theatrewala.net ঠিকানায় লগ ইন করলেই যে কেউ পত্রিকাটি পাবেন। থিয়েটারওয়ালায় এ-যাবৎকালে ছাপা হওয়া লেখাগুলো চাইলে সবাই এখন পড়তে পারছেন। এ ছাড়া বিশ্বের বিভিন্ন স্থানে থাকা বাঙালিরা ইচ্ছা করলেই পত্রিকাটি এখন দেখতে পারছেন, লেখার পাশে দিতে পারছেন তাঁদের মতামত। মূলত এসব সুবিধার জন্যই অনলাইনে যাওয়া। অনলাইনেও আমরা প্রচুর সাড়া পাচ্ছি।

ভারতীয় নাটকের এক কিংবদন্তিকে নিয়ে থিয়েটারওয়ালার একটি সংখ্যা। পুরনো সংখ্যাগুলো পাওয়া যায় ওয়েব সাইটেও
ভারতীয় নাটকের এক কিংবদন্তিকে নিয়ে থিয়েটারওয়ালার একটি সংখ্যা। পুরনো সংখ্যাগুলো পাওয়া যায় ওয়েব সাইটেও

পত্রিকাটি কেন প্রকাশ করেছিলেন?
দেখুন, আমাদের একটি স্লোগান আছে: ‘থিয়েটার করলে পড়তে হয়।’ আমার আগের প্রজন্মের নাট্যজন যাঁরা, দেখবেন, শিল্পসাহিত্য-সংস্কৃতি কি অন্যান্য বিষয়ে তাঁদের পড়াশোনা বিস্তর। কিন্তু গত শতকের শেষার্ধে আমাদের প্রজন্ম থেকে আমরা দেখলাম, যাঁরা থিয়েটারে আসছেন, এঁদের গুটি কয় বাদে অধিকাংশই কেবল অভিনয় করাকেই থিয়েটার করা বলে ভাবছেন। অভিনয় করাই থিয়েটার নয়। এই বাস্তবতাকে পরিবর্তন করতেই পত্রিকা প্রকাশের উদ্যোগ। এ ক্ষেত্রে আমাদের ভাবনা ছিল এখানে প্রকাশিত লেখাগুলো যেন এমনভাবে উপস্থাপিত হয়, যাতে পাঠকেরা পড়ার পাশাপাশি দেখার স্বাদও পান। লেখাগুলো যেন হয়ে ওঠে দৃশ্যকাব্যের মতো। বিভিন্ন সময়ে নির্দেশক, নাট্যকার ও নাটকের কুশীলবদের দর্শকদের মুখোমুখি করেছি আমরা। থিয়েটারের মানুষজনের সঙ্গে সাহিত্য-সংস্কৃতির অন্য মাধ্যমের লোকদের আড্ডার আয়োজন করেছি। সেই আড্ডাগুলো পরে অনুলিখন করে ছাপা হয়েছে পত্রিকায়।

.
.

১৮ বছর ধরে ‘থিয়েটারওয়ালা’ প্রকাশ করছেন। আপনাদের অর্জনগুলো কী কী?
সাধারণ দর্শক ও নাট্যকর্মীরা পত্রিকাটিকে নিজের ভেবেছেন—এটাই সবচেয়ে বড় অর্জন।
সামনের দিনগুলোর পরিকল্পনা সম্পর্কে জানতে চাই...
থিয়েটারওয়ালার প্রধান লক্ষ্য হলো, বাংলা ভাষাভাষী মানুষের কাছে পৌঁছানো। তা ছাড়া সামনে আমরা এই সময়ের তরুণ নাট্যকার, নির্দেশক এবং নাট্যশিল্পীদের নিয়ে একাধিক আড্ডার আয়োজন করতে চাই। থিয়েটারওয়ালা সব সময় সমসাময়িকতা ও তারুণ্যের সঙ্গে থাকবে—বলতে পারেন এটাই পরিকল্পনা।