অভিনয় ছাড়তে চেয়েছিলেন লিন্ডসে!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নানা সমস্যার বেড়াজালে জড়িয়ে জীবন নিয়ে অতিষ্ঠ হয়ে উঠেছিলেন অঘটনঘটনপটীয়সী হলিউডি অভিনেত্রী লিন্ডসে লোহান। ঝঞ্ঝাবিক্ষুব্ধ ব্যক্তিজীবনের সঙ্গে বছরের পর বছর একাকী লড়তে লড়তে এক পর্যায়ে হাল ছেড়ে দিয়েছিলেন লিন্ডসে। ছাড়তে চেয়েছিলেন একান্ত ভালোবাসার অভিনয়ও। লিন্ডসের উদ্ধৃতি দিয়ে সম্প্রতি এক খবরে এমন তথ্য ছেপেছে যুক্তরাজ্যের ‘ডেইলি স্টার’ পত্রিকা। ‘মিন গার্লস’ (২০০৪), ‘ববি’ (২০০৬), ‘আই নো হু কিল্ড মি’ (২০০৭) ছবিতে অভিনয় করে প্রশংসা কুড়িয়েছিলেন ২৬ বছর বয়সী এ তারকা। কিন্তু ধীরে ধীরে মাদকাসক্তিসহ উচ্ছৃঙ্খল জীবনযাপনে অভ্যস্ত হয়ে পড়ায় নানান সমস্যায় জড়িয়ে দুর্বিষহ হয়ে ওঠে তাঁর জীবন। মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর মামলায় জড়িয়ে ২০০৭ সালে শুরু হয় লিন্ডসের জীবনের কালো অধ্যায়। পরবর্তী কয়েক বছর মামলা আর সাজাভোগ যেন তাঁর জীবনের অংশ হয়ে দাঁড়িয়েছিল। এ প্রসঙ্গে লিন্ডসের ভাষ্য, ‘প্রতিকূলতার সঙ্গে যুদ্ধ করতে করতে একটা সময়ে খেই হারিয়ে ফেলেছিলাম। আমি সত্যিই জানতাম না, সামনে কী করব! খুব বেশি নিঃসঙ্গ হয়ে পড়েছিলাম। নিদারুণ একগুঁয়েমি এসে ভর করেছিল আমার ওপর। কারও কথাই শুনতাম না। নিজেকে বারবার জিজ্ঞেস করতাম, অভিনয়টা চালিয়ে যাব, নাকি চিরতরের জন্য বন্ধ করে দেব!’লিন্ডসে আরও বলেন, ‘কিন্তু অভিনয়ের প্রতি তীব্র ভালোবাসার কারণে শেষ পর্যন্ত এর মায়া কাটাতে পারিনি। খুব খারাপ লাগত, মানুষ যখন আমার অভিনেত্রী পরিচয় ছাপিয়ে তারকা পরিচয়কেই মুখ্য হিসেবে বিবেচনা করতে শুরু করল।’ তিনি বলেন, ‘কাজ দিয়ে আমার প্রতি সবার শ্রদ্ধাবোধ আবার ফিরিয়ে আনতে চাই। তারকা নয়, শুধুই অভিনেত্রী হিসেবে সবার হূদয়ে বেঁচে থাকব—এটাই আমার একমাত্র চাওয়া।’