অভিনয় ছাড়ার ইঙ্গিত দিলেন পিট
সম্প্রতি যুক্তরাষ্ট্রের ‘ইন্টারভিউ’ ম্যাগাজিনের জন্য গাই রিচির কাছে দেওয়া এক সাক্ষাত্কারে অভিনয়কে বিদায় জানানোর ইঙ্গিত দিয়েছেন ‘ইন্টারভিউ উইথ দ্য ভ্যাম্পায়ার’খ্যাত হলিউডের অভিনেতা ও প্রযোজক ব্র্যাড পিট। এ প্রসঙ্গে পিট বলেন, ‘আমি কেবল সে দায়িত্বই কাঁধে তুলে নিই, যা আমি হূদয় থেকে চাই। কোনো কাজে নিজেকে জড়ানোর আগে পরিবারকে সবচেয়ে বেশি অগ্রাধিকার দিই আমি। তাঁরাই আমার সবকিছু। পারতপক্ষে পরিবার ছেড়ে কোথাও যেতে চাই না। সব সময় চেষ্টা করি, আমার কারণে কোনোভাবে যেন তাঁরা অস্বস্তি কিংবা অসুবিধায় না পড়েন।’ এক খবরে এমনটিই জানিয়েছে দ্য মিরর।সাবেক স্ত্রী ও হলিউডের অভিনেত্রী জেনিফার অ্যানিস্টন এবং প্যারামাউন্ট পিকচার্সের প্রধান নির্বাহী কর্মকর্তা ব্র্যাড গ্রের সঙ্গে মিলে চলচ্চিত্র প্রযোজনা সংস্থা প্ল্যান বি এন্টারটেইনমেন্ট প্রতিষ্ঠা করেছিলেন ব্র্যাড পিট। ২০০৬ সালে প্রতিষ্ঠানটির সম্পূর্ণ মালিকানা কিনে নেন তিনি। পরবর্তী সময়ে ‘ইট প্রে লাভ’, ‘দ্য ট্রি অব লাইফ’, ‘কিলিং দেম সফটলি’সহ বেশ কয়েকটি ব্যবসাসফল ছবি উপহার দিয়েছে পিটের প্ল্যান বি। ভবিষ্যতে ছবি প্রযোজনায় মনোযোগী হবেন বলেই জানিয়েছেন ব্র্যাড পিট।