অভিনয় ছাড়িয়ে...
উঠোনে চেয়ার-টেবিলে পেতে খেতে বসেছেন অভিনেতা মাহফুজ আহমেদ। চোখেমুখে টানা শুটিংয়ের ক্লান্তি। ঘরে বানানো পাতের দুখানা রুটি মুখে তুলবেন, এর মধ্যেই হঠাৎ বৃষ্টি। ডালের বাটিতে টুপটাপ বৃষ্টির ফোঁটা পড়তে শুরু করেছে। বৃষ্টির বেগ বাড়ছে। মাহফুজ ভিজে যাচ্ছেন। সেদিকে তাঁর বিশেষ ভ্রুক্ষেপ নেই। দুই সহকারী ত্বরিত ছাতা নিয়ে ছুটে গেল। মাহফুজ প্রায় কাকভেজা হয়ে নির্বিকার মুখে শেষ করলেন তাঁর আশ্চর্য বৃষ্টি-ভোজ। দিনের দ্বিতীয় পর্বের শুটিংয়ের সময় হয়ে এল বলে। সামনে তাঁর অভিনীত এবং পরিচালিত দীর্ঘ ধারাবাহিক চৈতা পাগল-এর ক্যামেরা ‘ক্লোজিং’। নিঃশ্বাস নেওয়ার ফুরসত কই? দিন চারেক পর। ঢাকার গুলশান। রাত্রি ১২টা ছুঁই ছুঁই। পিৎজা হাট রেস্তোরাঁর এক নিভৃত কোনে বসে রয়েছেন যে সুদর্শন যুবক, তাঁকে ঠিক দিন চারেক আগের হলুদিয়া গ্রামের ওই মানুষটির সঙ্গে মেলানো যায় না। চৈতা পাগলের ঘোর কি আপনাকে ছেড়ে গেল? মাহফুজ আহমেদকে প্রশ্ন। ‘আরে না। ঘোরের মধ্যে যে আছি সেটা বুঝতে পারলাম আমার বউয়ের কথাবার্তায়। আমার সঙ্গে খেতে বসলে ও বলছে শব্দ হচ্ছে কেন? হাতমুখ ধুতে গিয়ে বুঝতে পারছি ঠিক আগের মতো করে আমি কাজটা করছি না। আর সবচেয়ে বড় বিপদ হচ্ছে ভাষা নিয়ে। খানিক পরপর চৈতা পাগলের ঢঙে নিজের অজান্তেই বলে ফেলছি—“ও মা”।’ মাহফুজ জানিয়ে দিলেন হাসতে হাসতে।গত বছরের মার্চ মাসে শুরু করেছিলেন চৈতা পাগল ধারাবাহিকের কাজ। মুন্সিগঞ্জের পদ্মাপাড়ের গ্রাম হলুদিয়ার মানুষগুলো এখন নিকটাত্মীয়ের মতো হয়ে গেছে তাঁর কাছে। মাহফুজ বলছিলেন ‘ওরা আমাকে আর ঠিক অভিনেতা মাহফুজ আহমেদ ভাবে না। ভাবে ওই গ্রামেরই একজন। কারও কারও ধারণা, জমিজিরাত কিনে আমি ওই গ্রামেই পাকাপাকিভাবে থিতু হয়ে যাব।’ পরনে লু্ঙ্গি। মাথায় ২৪ ঘণ্টা গামছা পেঁচানো। চৈতা পাগলের এই বেশভূষা মাহফুজ আহমেদের নিজেরই ঠিক করা। চৈতা পাগল নামের চরিত্রটি করতে গিয়ে মাহফুজ আহমেদের মাথায় ছিল তাঁর শৈশবের একজন মানুষ। বড় ফুর্তিবাজ ছিলেন সেই মানুষটা। পাড়ায় কোনো উৎসব-পার্বণ এলেই গানবাজনার আয়োজন করতেন। কারও সাতেপাঁচে নেই। মানুষের বিপদ দেখলে ছুটে যান। সেই আলাভোলা মানুষটাকেই লোকে বলতে শুরু করল ‘পাগল’। আবদুল হক মানুষের এই অপবাদ সইতে পারেননি। এক বুক অভিমান নিয়ে বাড়িঘর ছেড়েছিলেন। কেউ আর তাঁর সন্ধান পায়নি কখনো। স্কুলে পড়ার বয়সে দেখা সেই আবদুল হক বারবার ফিরে এসেছেন পরিচালকের ভাবনায়। দারুণ রকমের দর্শকপ্রিয় টিভি ধারাবাহিক চৈতা পাগল -এর অলিখিত ঋণ থেকে গেছে সেই অভিমানী মানুষটার কাছে। অভিনেতা হিসেবে নতুন আভায় আলোকিত করেছেন আমাদের ছোট পর্দা। এমনকি অদ্যবধি, টিভি পর্দায় অগ্রগণ্য রোমান্টিক নায়ক এবং শক্তিমান অভিনেতা বলতে ঘুরেফিরে আসবে সেই মাহফুজ আহমেদের নামই। তবে নিছক ‘রোমান্টিক নায়ক’ কিংবা খ্যাতিমান অভিনেতার ঘেরাটোপে বন্দী থাকতে চাননি মাহফুজ। সে কারণেই নেমেছিলেন পরিচালক হিসেবে নিজেকে প্রমাণ করার কঠিন পরীক্ষায়। খেলা, বনলতা সেন, টক শো, গণি সাহেবের শেষ কিছুদিন, শেষের কবিতার পরের কবিতা —এ রকম এক পর্বের বেশকিছু দুর্দান্ত সফল নাটক এবং তোমার দোয়ায় ভালো আছি মা পরিচালক হিসেবে তৈরি করে দিয়েছিল নিজের ভীত। তারপর? আর মাত্র দুদিন বাদেই শততম পর্বের মাইলফলক স্পর্শ করবে তাঁর পরিচালিত এবং অভিনীত চৈতা পাগল। এমন মুহুর্তে মাহফুজকে একটা জটিল প্রশ্ন—একদিন সকালে ঘুম থেকে জেগে দেখলেন অভিনয়টা বেমালুম ভুলে গেছেন। শুধু পরিচালনার কাজটাই করতে পারছেন। কেমন লাগবে? ‘খুব একটা খারাপ লাগবে না। মনে হয় ভালোই লাগবে।’ বলতে বলতে মাহফুজ হাসেন। দারুণ আত্মবিশ্বাসী আর সফল এক মানুষের হাসি। ঘড়ির কাঁটায় রাত সাড়ে ১২টা। মাহফুজ বিদায় নিয়ে গাড়িতে উঠবেন। এই গভীর রাতেও তাঁর চারদিকে অনেক উৎসুক চোখ। তরুণ নিরাপত্তাকর্মী, পিৎজাপ্রেমী বালক, চল্লিশ ছুঁই ছুঁই গৃহিণী কিংবা রেস্তোরাঁকর্মী—সবাই আছেন সেই ভিড়ে। আগ্রহ আর আনন্দ নিয়ে তাঁরা দেখছেন ‘নায়ক’ মাহফুজ আহমেদকে।