অভিনয় ছেড়ে সংসারী হচ্ছেন তাহসিন
অভিনয় ছেড়ে বিয়ে করে সংসারে মনোযোগী হচ্ছেন লাক্স তারকা সিফাত-ই-তাহসিন। ১৮ মে শুক্রবার ঢাকার একটি মিলনায়তনে তাহসিনের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হতে যাচ্ছে। বর নাট্য নির্মাতা ওয়াহিদ আনাম।এদিকে বিয়ের পর তাহসিনের অভিনয়ের ফেরার বিষয়টি একেবারেই অনিশ্চিত বলে প্রথম আলো ডটকমকে জানিয়েছেন এই অভিনেত্রী।এ প্রসঙ্গে বৃহস্পতিবার সকালে প্রথম আলো ডটকমকে তাহসিন বলেন, ‘কাল থেকে আমার সংসার জীবন শুরু হচ্ছে। পাশাপাশি রয়েছে পড়াশোনার চাপ। সামনে আমার স্নাতক চূড়ান্ত বর্ষের পরীক্ষা। সংসার, পড়াশোনা ও অভিনয়—সব কাজ আসলে একসঙ্গে হয় না। তাই সিদ্ধান্ত নিয়েছি, আর অভিনয় নয়।’ তাহসিন বলেন, ‘যেসব নাটকে অভিনয় করতাম সেগুলোর বেশির ভাগেরই কাজ শেষ করেছি। আর যেগুলো শেষ করতে পারিনি পরিচালককে অনুরোধ করেছি অন্য কাউকে দিয়ে কাজটি করানোর। তাঁরাও সেভাবে প্রস্তুতি নিয়েছেন। আপাতত অভিনয়ের ব্যাপারে একেবারে দায়মুক্ত বলতে পারেন। তাই নিজেকে পুরোপুরিভাবে সংসারী করে তোলার চিন্তাভাবনা করছি। সবাই দোয়া করবেন আমি যেন ঠিকঠাকভাবে কাজটা করতে পারি।’ ভালোবেসেই বিয়ে করছেন তাহসিন ও ওয়াহিদ আনাম। তাই দুজনের ভালো লাগার মাত্রাটাও একটু বেশি। তাহসিন এ প্রসঙ্গে বলেন, ‘নিঃসন্দেহে নিজের পছন্দের মানুষকে জীবনসঙ্গী হিসেবে পাওয়াটা যে কারও জন্য অনেক বেশি আনন্দের। আমিও এর ব্যতিক্রম নই। খুবই ভালো লাগছে। একেবারেই অন্য রকম অনুভূতি।’ ওয়াহিদ আনাম বলেন, ‘তাহসিনের সঙ্গে আমার প্রথম পরিচয় “ভার্সিটি” নামের একটি ধারাবাহিকে কাজ করার সময়। এরপর মাঝেমধ্যে মুঠোফোনে যোগাযোগ হতো। মাস পাঁচেক আগে কুয়াকাটায় “কিনারা” নামের একটি টেলিছবির কাজ করার সময় আমার পরিবারের সবার সঙ্গে তাহসিনের আলাপ হয়। তাঁরা তাহসিনকে পছন্দ করেন। এরপরই দুই পরিবার থেকে বিয়ের সিদ্ধান্ত নেওয়া হয়।’ ওয়াহিদ আনাম আরও বলেন, ‘আমার পছন্দের সঙ্গে মা ও খালার পছন্দ যোগ হওয়াতে দ্রুত বিয়ের সিদ্ধান্ত নিই। এ এক অন্য রকম অনুভূতি। সবাই আমাদের জন্য দোয়া করবেন।’এদিকে বিয়ের অনুষ্ঠান সম্পর্কে তাহসিন জানান, কাল ঢাকায় বিয়ের অনুষ্ঠান হলেও, ২১ মে বউ ভাতের অনুষ্ঠান হবে বরিশালে। কারণ, ওয়াহিদের বাড়ি বরিশালে।বরিশালের ছেলে ওয়াহিদ আনাম নিউইয়র্ক ফিল্ম একাডেমিতে ‘ফিল্ম ডিরেকশন’ নিয়ে পড়াশোনা শেষ করেছেন। আর নোয়াখালীর মেয়ে সিফাত-ই-তাহসিন একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ফ্যাশন ডিজাইনিংয়ের ওপর স্নাতক পর্যায়ে পড়াশোনা করছেন।