অভিনয় জীবনের বড় পাওয়া
গৌতম ঘোষের মনের মানুষ ছবিটি মুক্তি পেয়েছে ৩ ডিসেম্বর। ছবি মুক্তি উপলক্ষেই ৫ ডিসেম্বর ঢাকায় এসেছিলেন কলকাতার ব্যস্ত নায়ক প্রসেনজিৎ, যিনি এ ছবিতে লালনের চরিত্রে অভিনয় করেছেন। ওই দিন দুপুরে চ্যানেল আইয়ের কার্যালয়ের ছাদে মুখোমুখি হই প্রসেনজিতের।চ্যানেল আই ভবনের ওপর মনের মানুষ ছবির বিশাল বিলবোর্ড। কিন্তু বিলবোর্ডে যে প্রসেনজিতের ছবি, তাঁর সঙ্গে সামনে বসে থাকা প্রসেনজিতের কোনো মিল নেই। প্রশ্ন করি, মনের মানুষের গেটআপ ধারণ করার পর কী পরিবর্তন এল আপনার মধ্যে?প্রসেনজিৎ হো হো করে হেসে উঠলেন। বললেন, ‘আগে আমাকে লোকে দেখলে বলত প্রসেনজিৎ এসেছে। এখন বলে, প্রণাম, প্রসেনজিৎ বাবু। আমি এটাই চেয়েছিলাম। একদিকে চোর, গুণ্ডা, প্রেমিক পুরুষ, বাড়ির বড় ছেলে, সমাজের আদর্শ শিক্ষক, ব্যবসায়ী—কত রকম চরিত্রে কাজ করেছি বলে শেষ করা যাবে না। কিন্তু এই একটা কাজ করলাম, যে কাজের জন্য আমার বাবার বয়সী মানুষেরা এখন আমাকে কলকাতায় দেখলে প্রণাম জানান। একজন অভিনেতার জীবনে এর চেয়ে বড় পাওয়া কী-ই বা হতে পারে?’প্রসেনজিতের মনে একটা চাপা ক্ষোভ ছিল। খবরের কাগজে তাঁকে তারকা বলা হতো। কিন্তু তিনি অভিনেতার স্বীকৃতি পেতে চেয়েছিলেন। এই স্বীকৃতি আদায় করার জন্যই মনের মানুষের মতো ছবি খুঁজছিলেন তিনি। ‘টাকা-পয়সা তো অনেক উপার্জন করেছি। কিন্তু নামের আগে অভিনেতার বিশেষণটি পাইনি। এবার পেয়েছি। এখন আর কেউ বলবে না, ওরা শুধু বাণিজ্যিক ছবিগুলোতেই ভালো কাজ করতে পারে।’প্রসেনজিতের মুঠোফোনটি বেজে উঠল। কলকাতা থেকে ফোন এসেছে। কলকাতার নন্দন প্রেক্ষাগৃহ দর্শকে পরিপূর্ণ। খবরটি জেনে প্রসেনজিৎ বেশ উৎফুল্ল। তবে তাঁর নিজের একটি সমস্যা আছে। নিজে যে কাজটা নিয়ে খুব বেশি আশাবাদী থাকেন, সেই কাজ নিজে দেখার সাহস পান না। যেমন মনের মানুষ নিয়ে দুই বাংলায় যখন বেশ আলোচনা, তার পরও সেই ছবি তিনি দেখেননি। কেন?‘আমি সাহস পাই না। চোখের বালি ছবিটির বেলায়ও তা-ই হয়েছে। ছবিটি মুক্তির পর আমি সিনেমা হলে যাওয়ার সাহস পাইনি। লোকের মুখে শুনেছি। তারপর প্রায় তিন বছর কেটে গেল। একদিন ছবিটির ডিভিডি এনে ঘরে বসে দেখলাম। নিজেই মুগ্ধ হয়ে এর নির্মাতা ঋতুপর্ণকে একটি খুদে বার্তা পাঠালাম। ছবিটি ভালো বানিয়েছ।ঋতুপর্ণ অবাক হয়ে আমাকে ফোন করে বলল, তুমি এত দিন পরে এ কথা বললে যে? আমি বললাম, এত দিন ছবিটি দেখিইনি। তো গোয়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে যখন আমার মনের মানুষ পুরস্কার পেল, তখনো আমি সাহস পাইনি ছবিটি দেখার। কিন্তু লোকে যখন ভালো বলেছে, তখন ঠিক করেছি যে এবার ছবিটি দেখতে বেশি দেরি করব না।’মনের মানুষ ছবিতে কাজ করার পর প্রসেনজিৎ কি এখন আবার আগের মতো মারদাঙ্গা ছবিতে কাজ করবেন?বললেন, ‘কেন নয়? আর তা ছাড়া কলকাতার সিনেমা মানেই কিন্তু এখন শুধু প্রেম প্রেম, মারামারি না। এখন সেখানে জীবনঘনিষ্ঠ ছবিগুলো ব্যবসাসফল হচ্ছে। দেখুন, সারা দুনিয়ায়ই সিনেমার ভাষা বদলে গেছে। আমাদের কলকাতাও এর বাইরে নয়। আপনাদের এখানকার ছবিগুলোর ভাষাও একদিন বদলাবে। বদলাতেই হবে। কারণ, এখন একটি বাচ্চা ছেলে ইন্টারনেটের মাধ্যমেই হলিউডের সর্বশেষ ছবি সম্পর্কে জেনে যাচ্ছে। সে যখন স্পাইডারম্যান দেখছে, তখন কিন্তু তাকে সেভাবেই একটি ছবি বানিয়ে দিতে হবে। দর্শকদের বোকা ভাবলে চলবে না। গতানুগতিক ধারার ছবির দিন শেষ। মুম্বাইয়ে তো তার প্রমাণ দেখছেনই। আজ থেকে আট-নয় বছর আগেও কলকাতার ছবির বাজার খুবই করুণ ছিল। কিন্তু এখন ভালো ছবিই পাল্টে দিয়েছে সবকিছু। দর্শককে আবার সিনেমা হলমুখী করেছে। পুরোনো ধ্যান-ধারণা ভেঙে বিনিয়োগকারীরা আধুনিক চিন্তাধারার মধ্যে কাজ করাচ্ছেন।’ ‘আমি তো এখন মনে করি যে দুই বাংলার ছবির আদান-প্রদান জরুরি। তাহলে বাজারটা আরও বড় হবে। বাজার যত বড় হবে, চলচ্চিত্রশিল্পের প্রসার ততই হবে। এতে করে দুই বাংলার মানুষ আরও বেশি বিনোদন পাবে। আর এই উদ্যোগ নেওয়ার সময় এখনই।’ বলছিলেন প্রসেনজিৎপ্রসেনজিতের ডাক এল। তিনি চ্যানেল আইয়ের তৃতীয় মাত্রায় অংশ নেবেন। বললেন, ‘ইচ্ছা আছে আবার এখানে এসে কাজ করব।’