অভিনয় থেকে অবসরে পিটার ও’টুল
অভিনয় থেকে অবসরের ঘোষণা দিলেন ‘লরেন্স অব অ্যারাবিয়া’ খ্যাত বর্ষীয়ান আইরিশ অভিনেতা পিটার ও’টুল। ২ আগস্ট ৮০ বছরে পা রাখতে যাচ্ছেন পিটার। এর প্রাক্কালে সম্প্রতি এক বিবৃতির মাধ্যমে তিনি অভিনয় জীবন থেকে অবসর নেওয়ার সিদ্ধান্তের কথা জানিয়েছেন। তিনি বলেন, ‘সময় এসেছে মঞ্চ এবং রুপালি পর্দা থেকে বিদায় নেওয়ার। অভিনয় থেকে মন উঠে গেছে আমার, যা আর কখনোই ফিরবে না।’পিটার ও’টুল বলেন, ‘আমি বিশ্বাস করি, সময় এলে নিজের জন্যই কোনো অবস্থান থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিতে হয়। তাই অশ্রুবিহীন চোখে অত্যন্ত কৃতজ্ঞতার সঙ্গে অভিনয় পেশাকে বিদায় জানানোর সিদ্ধান্ত নিয়েছি আমি।’ পিটারের উদ্ধৃতি দিয়ে এমনটিই জানিয়েছে পিপল ম্যাগাজিন।১৯৬২ সালের ২ আগস্ট জন্মগ্রহণ করেন পিটার ও’টুল। অভিনয় জীবনের শুরু মঞ্চে, ১৯৫৪ সালে ছোটপর্দায় অভিষেক হয় তাঁর। ১৯৬০ সালে মুক্তি পায় তাঁর অভিনীত প্রথম চলচ্চিত্র ‘কিডন্যাপড’। ১৯৬২ সালে মুক্তিপ্রাপ্ত অস্কার জয়ী চলচ্চিত্র ‘লরেন্স অব অ্যারাবিয়া’য় নাম ভূমিকায় অভিনয়ের মধ্য দিয়ে সবার নজরে আসেন গুণী এ শিল্পী। জীবদ্দশায় মোট আটবার সেরা অভিনেতা হিসেবে অস্কার মনোনয়ন পেয়েছেন পিটার। তিনিই একমাত্র অভিনেতা যিনি এতবার মনোনয়ন পাওয়া সত্ত্বেও অস্কার ঝুলিতে ভরতে পারেননি। অবশ্য চলচ্চিত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখার স্বীকৃতি হিসেবে তাঁকে ২০০৩ সালে সম্মানসূচক অস্কার পুরস্কার প্রদান করে একাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস।